
শেষ আপডেট: 4 November 2022 07:19
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এনেছিলেন খড়্গপুরের (Kharagpur) এক তরুণী। এই ঘটনার মীমাংসা করতে গিয়ে তাঁকে গণধর্ষণ (gangrape) করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের তৃণমূল (TMC) কাউন্সিলর (councilor)-সহ তিনজনের বিরুদ্ধে।
জানা গেছে, পাঁচ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে ওই তরুণী নিজের বাপের বাড়িতে থাকতে শুরু করেন। সেখানেই তাঁর সঙ্গে অরবিন্দ রাও নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে একাধিকবার ওই যুবক সহবাস করে বলে অভিযোগ। সম্প্রতি তাঁকে বিয়ে করতে বলায় বেঁকে বসে অরবিন্দ।
ঘটনার কথা স্থানীয় কাউন্সিলর মুকেশ হুমনেকে জানান ওই তরুণী। বিজেপির হয়ে জিতলেও পরে তৃণমূলে চলে এসেছেন সেই কাউন্সিলর। ঘটনার কথা জানতে পেরে তিনি মীমাংসা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছেন ওই তরুণী। তারপর গত ২৫ জুলাই দুপুর তিনটে নাগাদ ওই তরুণী এবং তাঁর প্রেমিক যুবককে পার্টি অফিসে ডাকা হয়। সেখানে উপস্থিত ছিল আরও একজন।
মীমাংসা করার নাম করে পার্টি অফিসে ডেকে তিনজন মিলে তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পরপরই থানায় তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সেই অভিযোগকারিণী। অভিযোগ পেয়ে পুলিশ সেই প্রেমিক যুবককে গ্রেফতার করলেও, মুকেশ ও আরও একজনকে গ্রেফতার করেনি। অভিযোগ, এরপর থেকেই সেই কাউন্সিলরের লোকজন লাগাতার তরুণীকে হুমকি দিচ্ছে।
গত তিন মাস ধরে চুপচাপ হুমকি শুনে যাওয়ার পর, অবশেষে ওই অভিযোগকারিণী সমস্ত ঘটনার কথা লিপিবদ্ধ করে এসপি-কে জানান। চিঠিতে মুকেশ ও আরও এক যুবকের অবিলম্বে গ্রেফতারির দাবি তুলেছেন এই অভিযোগকারিণী। তাঁর অভিযোগ, মুকেশ ও সেই যুবকের ভয়ে তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না! তাঁরা বারবার খুনের হুমকি দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে যেন যথাযথ পদক্ষেপ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাউন্সিলর মুকেশ হুমনে। পাল্টা একাধিক পুরুষের সঙ্গে ওই তরুণীর সম্পর্কের অভিযোগ তুলেছেন তিনি। এর পাশাপাশি তাঁর অভিযোগ, দলেরই একাংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে সরাতে চাইছে। তবে তিনি প্রশাসনের উপর আস্থা রাখছেন। ঘটনার সঠিক তদন্ত হবে বলেই বিশ্বাস তাঁর।
যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার বসিরহাটের যৌনপল্লীতে! আত্মহত্যা না খুন, তদন্তে পুলিশ