
শেষ আপডেট: 6 January 2023 05:07
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: আবাস যোজনা (Awas Yojana) নিয়ে কেশপুরে (Keshpur) ফের শাসকদলের কোন্দল প্রকাশ্যে। অঞ্চল সভাপতির অনুগামী না হওয়ায় নাম বাদ পড়েছে আবাস যোজনার চূড়ান্ত লিস্ট থেকে। অভিযোগ এমনটাই। আর সেই অভিযোগেই গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূলের (TMC) একাংশ। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি কেশপুর ব্লক তৃণমূল সভাপতির। চরম অস্বস্তিতে শাসক শিবির।
আবাস যোজনার দুর্নীতি নিয়ে শোরগোল গোটা রাজ্যে। জেলায় জেলায় চলছে ক্ষোভ বিক্ষোভ। কেশপুরে এই আবাস যোজনা নিয়েই শাসকদলের তীব্র গোষ্ঠী কোন্দলে তা অন্য মাত্রা পেল। বৃহস্পতিবার কেশপুরের ১৪ নম্বর অঞ্চলের ঝেঁতলা গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় শাসকদলেরই একাংশ। তাঁদের দাবি, যোগ্য উপভোক্তা হওয়া সত্বেও বর্তমান অঞ্চল তৃণমূল সভাপতির অনুগামী না হওয়ায় আবাস যোজনার চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাঁদের নাম। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে তাদের, দাবি বিক্ষোভকারীদের। এই তালিকা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবিও জানাচ্ছেন তারা।
সাম্প্রতিক সময়ে অঞ্চল সভাপতি বদলকে ঘিরে কেশপুরের একাধিক বার শাসকদলের কোন্দলের ছবি প্রকাশ্যে এসেছে। মাস কয়েক আগে সভাপতি বদল হয়েছে কেশপুরের ১৪ নম্বর অঞ্চলেও। করুনা সিন্ধু দণ্ডপাঠের থেকে দায়িত্ব পেয়েছে ভাস্কর চৌধুরী। তাই নিয়ে শুরু হয় দুই শিবিরের দ্বন্দ্ব। এবার আবাস যোজনার দুর্নীতি নিয়ে অঞ্চলের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে সরব হলেন পূর্বতন অঞ্চল সভাপতির অনুগামীরা।
যদিও শীর্ষ নেতৃত্ব প্রতিক্রিয়া দেবে বলে জানিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন বর্তমান অঞ্চল সভাপতি ভাস্কর চৌধুরী। তিনি বলেন, “আবাস যোজনায় কে ঘর পাবে আর পাবে না, সেটা সম্পূর্ণ সরকারি ব্যাপার। এ বিষয়ে আমাদের কোনও কিছুই বলারও নেই করারও নেই। তবে দলের কোন্দল বলেও কিছু এখানে নেই। এ ব্যাপারে যা বলার ব্লক সভাপতিই বলবেন।” সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কেশপুরের ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজাও। তবুও আবাস দুর্নীতিতেও কোন্দলের কাঁটা পিছু ছাড়ছে না তৃণমূল শিবিরে।
সিউড়ির ব্যাঙ্কের ম্যানেজারকে নিজামে ডাকল সিবিআই, ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে জেরা হবে শুক্রবার