
শেষ আপডেট: 11 August 2023 09:40
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ব্যালটের পর এবার সার্টিফিকেট চিবিয়ে খেয়ে নেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জে (TMC candidate swallow certificate)। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ, বিজেপির সার্টিফিকেট চিবিয়ে খেয়েছেন তিনি।
বৃহস্পতিবার ছিল ১৩ নম্বর কমলাবাড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। বিজেপির দখলে যায় গ্রাম পঞ্চায়েত বোর্ড। আর সেখানেই প্রধানের সার্টিফিকেট খেয়ে নেওয়ার অভিযোগ ওঠে সোনা তম্মো নামে তৃণমূলের এক জয়ী সদস্যের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এলাকার বিডিও অভিজিৎ মণ্ডলও এমন কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি করেছেন।
বৃহস্পতিবার রায়গঞ্জের কমলাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন চলাকালীন বিজেপির প্রধান পদপ্রার্থীর সরকারি উইনিং সার্টিফিকেট ছিঁড়ে ফেলে খেয়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমুলের এক বিজয়ী সদস্যের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর থেকেই উত্তেজনার পারদ চড়তে থাকে। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মীরা। তবে বোর্ড গঠন প্রক্রিয়া শেষে বিজেপিই ওই পঞ্চায়েতে ক্ষমতায় আসে।
বোর্ড গঠন প্রক্রিয়া শেষে বাইরে বেড়িয়ে এসে বিজেপির সদ্য নির্বাচিত উপ-প্রধান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমুলের বিজয়ী সদস্যদের বিরুদ্ধে নথি ছিঁড়ে ফেলার অভিযোগ তোলেন। শুধু তাইই নয়, এক মহিলা সদস্যার বিরুদ্ধে সরকারি কাগজ ছিঁড়ে খেয়ে ফেলারও অভিযোগ তোলেন। যদিও এই বিষয়ে সোনা তোপনো নামে অভিযুক্ত ওই তৃণমুলের পঞ্চায়েত সদস্যার দাবি, বিজেপির তোলা এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং তাদের দাবি মতো পুনরায় ভোটাভুটিও হয়নি। এই নিয়ে বিজেপি ও দায়িত্বে থাকা সরকারি আধিকারিকের বিরুদ্ধেও সুর চড়ান তিনি।
রায়গঞ্জের বিডিও অভিজিৎ মণ্ডল জানান, সরকারি কাগজ ছিঁড়ে ফেলা হয়েছে বা খেয়ে ফেলা হয়েছে, এমন কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: জালে উঠল ব্যালটবাক্স! পুকুরে মাছ ধরছিলেন করণদিঘির মৎস্যজীবীরা