দ্য ওয়াল ব্যুরো: বিজেপি থেকে তৃণমূলে ফেরা মুকুল রায়ের দলবদলের মামলা নিয়ে আজ প্রথম শুনানি হবে বিধানসভায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কক্ষে আজ হবে এই শুনানি। অন্যদিকে তৃণমূল ছেড়ে যাঁরা বিজেপিতে গেছেন, তাঁদেরও ইতিমধ্যেই লোকসভা, সেক্রেটারিয়েটের তরফে নোটিস দেওয়া হয়েছে।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মুকুল রায় বিজেপিতে জিতে এসে ঘটা করে দলবদল করে ফিরে এসেছেন তৃণমূলে। যদিও বিধানসভায় বিজেপির বিধায়কদের সঙ্গেই তাঁর আসন বরাদ্দ হয়েছে, কিন্তু বাইরে তিনি দলবদল করেছেন প্রকাশ্যেই। এ নিয়ে তথ্য-প্রমাণসহ সবকিছু স্পিকারের কাছে জমা দিয়ে দলত্যাগ বিরোধী আইনে মামলা রুজু করেছেন শুভেন্দু অধিকারী। তারই প্রথম শুনানি আজ।
বিজেপি শিবিরের খবর, দলবদলের অনুষ্ঠানে মুকুল যা যা বলেছেন, সংবাদমাধ্যমে মুকুলের বক্তব্য-- এই সমস্তই স্পিকারের কাছে জমা পড়েছে। আবার ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া তিন জনকে নিয়ে চিঠি গেছে লোকসভায়, তা নিয়েও শুরু হয়েছে প্রক্রিয়া।