
শেষ আপডেট: 13 July 2023 15:43
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে বুধবারই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। তারই মাঝে ফের অশান্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি। ভোট পরবর্তী তৃণমূল-বিজেপির সংঘর্ষে (TMC BJP clash) আহত দু’পক্ষের ১২ জন। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গোটা ঘটনায় তীব্র আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামের সাধারণ মানুষ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দুই ব্লকের দেখালি ১৬১ নম্বর মহামায়া বুথের ঘটনা। ভোটকে ঘিরে গত এক মাস ধরে এলাকায় রাজনৈতিক হিংসা লেগেই রয়েছে। ফল প্রকাশের পর হিংসার মাত্রা আরও বেড়েছে। এদিন বিকেলে ফের দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতেই দুপক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে খবর। স্থানীয়রাই তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
তৃণমূলের অভিযোগ, এই বুথে তৃণমূল জয় লাভ করায় তাদের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধর করেছে বিজেপি। পাল্টা হিসেবে বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধেই মারধরের অভিযোগ আনা হয়েছে। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, ভোটে এই বুথে তৃণমূল কংগ্রেস জেতার পর থেকেই বেছে বেছে তাদের কর্মীদের মারধর করা হচ্ছে। ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। বেশ কয়েকজন হাসপাতালে ভর্তিও রয়েছে।
গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। খবর পেয়ে পুলিশ পৌঁছে এলাকায় টহলদারি শুরু করেছে। তবে হামলার জেরে গ্রামের পরিস্থিতি থমথমে। তীব্র আতঙ্কের মধ্যে রয়েছেন বাসিন্দারা।
আরও পড়ুন: বিজেপির বিজয় উৎসবে রান্না করার ‘শাস্তি’! খেতের সবজি নষ্ট করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে