দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারি বাজার এলাকা। দফায় দফায় চলল বোমাবাজি। ঘটনায় গুরুতর জখম চান্দামারি প্রাণনাথ হাইস্কুলের ক্লাস সিক্সের দুই ছাত্র।তাদের ভর্তি করা হয়েছে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে।
গত কয়েকদিনে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহারের বিভিন্ন এলাকা। স্থানীয় সূত্রে খবর, এলাকা দখলকে ঘিরে দীর্ঘদিন ধরেই দু’পক্ষের ঝামেলা চলছিল চান্দামারিতে। বৃহস্পতিবার সকালে ফের পরিস্থিতি চরমে ওঠে। একে অপরকে লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি। সেইসময় রাস্তা দিয়ে যাচ্ছিল ষষ্ঠ শ্রেণির ওই দুই ছাত্র। বোমার স্প্লিন্টার ছিটকে এসে তাদের গায়ে লাগে।
রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, বোমার স্প্লিন্টার তাদের হাতে ও পায়ে ঢুকে গেছে। দু’জনেই মারাত্মক ভাবে জখম।
বোমাবাজিতে দুই ছাত্রের আহত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। বিজেপির দাবি, এলাকায় তাদের একটি কার্যালয় ভাঙচুর করে তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই নিয়েই ঘটনার সূত্রপাত। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।