দ্য ওয়াল বুরো: ভ্যাকসিন কাণ্ডের জেরে এবার দেবাঞ্জন দেবদের মত মানুষদের সম্পর্কে দলের বিধায়কদের সতর্ক করে দিল তৃণমূল। সোমবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের বলা হয় জনপ্রতিনিধি হিসেবে আপনাদের কাছে অনেক আমন্ত্রণ আসবে। অনেক জায়গাতেই আপনাদের যেতেও হবে। তা নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু যাওয়ার আগে কয়েকটি বিষয় খেয়াল রাখবেন। সেই অনুষ্ঠানে অন্য আমন্ত্রিতদের সম্পর্কে আগাম খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন। খোঁজখবর নিন আয়োজকদের সম্পর্কেও। আয়োজকদের পেছনে কারা, সামনে কারা, বিশদ খোঁজ নিন। প্রয়োজনে স্থানীয় প্রশাসন এবং দলের সঙ্গে যোগাযোগ করে খোঁজখবর করুন। অপরিচিত বা সন্দেহভাজন কেউ কাছে ঘেঁষার চেষ্টা করলে বা ছবি তোলার চেষ্টা করলে তার পরিচয় জানতে চান। প্রয়োজনে তাঁর পরিচয়পত্র দেখুন। কারণ এই ধরনের ত্রুটি বিচ্যুতির ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
প্রসঙ্গত ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূলের বেশ কয়েকজন শীর্ষ নেতার ছবি সংবাদমাধ্যমে ঘোরাফেরা করছে। দেখা যাচ্ছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ওই প্রতারক একই মঞ্চে উপস্থিত ছিল। এমনকি কলকাতা পুরসভার বসানো রবীন্দ্রনাথের মূর্তির ফলকেও দেবাঞ্জন দেবের নাম ছিল। একই ফলকে দলের বেশ কয়েকজন বর্ষীয়ান নেতার নাম ছিল। ফলে দেবাঞ্জনের মত লোকেরা এইভাবে দলীয় নেতাদের সঙ্গে ছবি তুলে পরবর্তীকালে কোন অপকর্ম করলে তার দায় সেই নেতা এবং দলের ঘাড়ে এসে চাপবে। অতীতে একইভাবে বেশ কয়েকজন প্রতারকের সঙ্গে দলীয় নেতাদের ছবিকে কেন্দ্র করে দলকে অস্বস্তিতে পড়তে হয়। সেই কারণেই এ দিন বিশেষভাবে সতর্ক করা হয়েছে যে বিধায়করা যখন যেখানে যাবেন, সেই এলাকা, সেই প্রতিষ্ঠান এবং কারা আমন্ত্রিত, উদ্যোক্তাদের কী উদ্দেশ্য, তাঁদের পেছনে কারা আছেন, তাঁরা কী কাজ করেন, বিশেষ করে সেখানে কোনও আর্থিক লেনদেন হয়ে থাকলে সেগুলি বৈধ উপায়ে হচ্ছে কিনা এই সমস্ত বিষয়ে যথাসম্ভব খোঁজখবর নেওয়া দরকার।