সাগরে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ পদ্ম নেতাদের
দ্য ওয়াল ব্যুরো: বাড়ি লাগোয়া বাগান থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধার দক্ষিণ ২৪ পরগনার সাগর এলাকায়। আর তা নিয়ে উত্তপ্ত গোটা এলাকা। রাজ্য বিজেপি নেতৃত্বও এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য এই মৃত্
শেষ আপডেট: 29 July 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: বাড়ি লাগোয়া বাগান থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধার দক্ষিণ ২৪ পরগনার সাগর এলাকায়। আর তা নিয়ে উত্তপ্ত গোটা এলাকা। রাজ্য বিজেপি নেতৃত্বও এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য এই মৃত্যুর পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই।
রাজ্য বিজেপির দাবি, গৌতম পাত্র নামে ওই সক্রিয় কার্যকর্তাকে ভোরবেলা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বই এই কাজ করেছে বলেও দাবি করেছে বিজেপি। দলের পক্ষে বলা হয়েছে, বিজেপি করার অপরাধেই এই চরম সাজা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি বিজেপির মথুরাপুর লোকসভার অন্তর্গত সাগর বিধানসভার ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর বুথ কমিটির সম্পাদক ছিলেন।
আরও পড়ুন
মৃত গৌতম পাত্রর পরিবার ও বিজেপির দাবি, প্রথমে খুন করা হয়েছে ও পরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাদের আরও দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্ব বুধবার সালিশি সভায় ডাকে গৌতমকে। যার নেতৃত্ব দেন ঘোড়ামাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অরুণ প্রামানিক। এর পরে এদিন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা গৌতম পাত্রকে খুন করে গাছে ঝুলিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে বৃষ্টির সময়ে আরতি বারিক নামে এক মহিলার গোয়ালে আশ্রয় নেন গৌতম। এর পরে গৌতমের বিরদ্ধে কুরিচকর মন্তব্যের অভিযোগ তোলেন আরতি। এই নিয়ে একটা বিবাদ তৈরি হয়। আরতি বারিক বিষয়টি জানিয়ে সাগর থানায় অভিযোগ করেন। বুধবার ওই ঘটনা নিয়ে সালিশি সভা বসে গ্রামে। সেখানে যান গৌতম পাত্র। রাতে বাড়িও ফেরেন। তার পরে এদিন ভোরে উদ্ধার হয় গৌতম পাত্রর দেহ। বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা কমিটির নেতা বিকাশ কামিল্যার অভিযোগ, তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করে খুন করেছে। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় তৃণমূল নেতারা এনিয়ে মুখ খুলতে নারাজ হলেও সাগরের বিধায়ক বঙ্কিম হাজরার দাবি, এই মৃত্যুর পিছনে কোনও রাজনৈতিক বিষয় নেই। নিজের কুকর্ম ঢাকতে আত্মহত্যা করেছেন গৌতম পাত্র। আর সেটা নিয়ে রাজনীতি করছে বিজেপি।