দ্য ওয়াল ব্যুরো: দিদির কনভয় দেখেই সমস্বরে গলা তুলে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে শুরু করে দিয়েছিল তারা। কণ্ঠস্বর ভেসে এসেছিল রাস্তার দু’পাশে ভিড় করা কয়েকটি ছেলের মধ্যে থেকেই। শেষে মুখ্যমন্ত্রীকে গাড়ি থেকে নেমে আসতে দেখেই চম্পট দেয়। ঘটনা শনিবার বিকেলের। তার কয়েক ঘণ্টার মধ্যেই তিনজনকে আটক করে চন্দ্রকোণা থানার পুলিশ।
জানা গেছে, তিনজনই বিজেপি কর্মী। তার মধ্যে একজন বিজেপির যুব মোর্চার কার্যকর্তা সীতারাম মিদ্দা। অন্য দু’জন, বিজেপি কর্মী সায়ন মিদ্দা ও বুদ্ধদেব দোলুই। সীতারাম চন্দ্রকোণা দক্ষিণ মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতি। তাঁর বাড়ি রাধাবল্লভপুরে।
ফণীর আতঙ্ক কাটতেই এ দিন খড়্গপুর থেকে যাত্রা শুরু করে দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। রোড শো ছিল চন্দ্রকোণায়। রাধাবল্লভপুরে গাড়ি ঢুকতেই আচমকা ভেসে আসে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। স্লোগান দেওয়া হচ্ছিল এতটাই জোরে যাতে দিদির কান অবধি পুরোটা পৌঁছয়। রাস্তার দু’পাশে তখন মুখ্যমন্ত্রীর কনভয় দেখতে ছোটখাটো একটা জটলা। স্লোগান ভেসে আসছিল সেখান থেকেই। গাড়ি থামিয়ে মুখ্যমন্ত্রী নামতেই ভিড়টা পাতলা হতে শুরু করে। তাঁকে দেখেই পত্রপাঠ চম্পট দেয় জনা কয়েক ছেলে।
এরপরেই পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, তাঁকে দেখে কটূক্তি করেছে স্থানীয় বিজেপি কর্মীরা। যদিও মুখ্যমন্ত্রীর অভিযোগ নস্যাৎ করে বিজেপি নেতৃত্বের দাবি, তাঁরা শুধুমাত্র জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছিলেন রাস্তার পাশে দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রীকে কটূক্তি করা বা অপমান করার কোনও অভিপ্রায় তাঁদের ছিল না।
আরও পড়ুন: মমতাকে দেখে ‘জয় শ্রীরাম’, গাড়ি থেকে নেমে তাড়া করলেন দিদি
অন্যদিকে, এই ঘটনার পরেই স্থানীয় বিজেপি নেতা জয় পান্ডার বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। বিজেপির দাবি, তৃণমূল কর্মীরাই চড়াও হয়েছে বিজেপি নেতার বাড়িতে। আজ রাতের মধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে বিজেপি সূত্রে খবর।
ঘটনার পর ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, "হার নিশ্চিত জেনেই, জয় শ্রীরাম শুনে জ্বর আসছে। আমাকে তো কত লোকে 'গো ব্যাক', 'মুর্দাবাদ' বলে, কই আমি তো কিছু মনে করি না! " জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্যের কথায়, “জয় শ্রীরাম আমাদের রাজনৈতিক স্লোগান। সেটা তো দলীয় কর্মীরা দেবেই। তার জন্য গ্রেফতার করা হবে?”
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/state-news-nrc-is-the-key-issue-for-bangao-lok-sabha-seat/