নিমতায় তৃণমূল নেতা খুনে সামনে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব, দেখুন ঘটনার সিসিটিভি ফুটেজ
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : ব্যক্তিগত আক্রোশ না কি ব্যবসায়িক স্বার্থ ? নাকি দলের কোন্দল ? কী কারণে খুন হলেন উত্তর দমদম পুরসভার ছ' নম্বর ওয়ার্ডের সভাপতি তৃণমূল নেতা নির্মল কুণ্ডু (৪৪) ? বুধবার দিনভরই এই আলোচনা ঘুরছে নিমতার আনাচে কানা
শেষ আপডেট: 4 June 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : ব্যক্তিগত আক্রোশ না কি ব্যবসায়িক স্বার্থ ? নাকি দলের কোন্দল ? কী কারণে খুন হলেন উত্তর দমদম পুরসভার ছ' নম্বর ওয়ার্ডের সভাপতি তৃণমূল নেতা নির্মল কুণ্ডু (৪৪) ? বুধবার দিনভরই এই আলোচনা ঘুরছে নিমতার আনাচে কানাচে। তৃণমূল নেতৃত্ব অবশ্য এই খুনের ঘটনায় বিজেপির বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে। বিজেপি নেতৃত্বও সেই অভিযোগ অস্বীকার করে এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করেছে।
নিমতার তৃণমূল নেতা খুনের ঘটনায় তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই সুমন কুণ্ডু ও সুজয় দাস নামের দুজনকে উত্তরপাড়া থেকে গ্রেফতার করেছে। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি ডিডি আনন্দ রায় জানান, সুমনের বাড়ি নিমতা এলাকাতেই। সুজয় মুর্শিদাবাদের বাসিন্দা। খুনের সময় ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে সেই মোটরসাইকেল যেটি করে এসেছিল আততায়ীরা। ধৃতদের আজ আদালতে তোলা হয়।
সোমবার সন্ধ্যায় নিমতা থানা এলাকার পাটনাপাড়ায় বাড়ির সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন নির্মলবাবু। আচমকাই জনবহুল সেই এলাকায় মোটর সাইকেলে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। গুলি লাগে তাঁর কাঁধে ও মাথায়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার আকস্মিকতায় প্রথমে হকচকিয়ে যান আশেপাশের মানুষজন। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন তাঁরা। ঘটনা জানতে পেরে ছুটে আসেন নির্মলবাবুর প্রতিবেশী ও স্বজনরা। তাঁরাই তড়িঘড়ি তাঁকে তুলে উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সেই মুহূর্তে:
https://www.youtube.com/watch?v=CmBX-0lcPUM&feature=youtu.be
নিমতার তৃণমূল নেতা নির্মল কুণ্ডুর খুন নিয়ে জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “এই ঘটনা বিজেপি ঘটিয়েছে। যাঁরা গুলি করেছে আর যে ষড়যন্ত্রী, তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। এ বার ওই এলাকায় বিজেপি-র বিরুদ্ধে জনরোষ হবে।”
তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিজেপি নেতৃত্ব। তৃণমূলের গোষ্টীকোন্দলের জেরেই এই খুন বলে পাল্টা অভিযোগ তাঁদের। এলাকার বিজেপি নেতা পীযুষ কানোজিয়া বলেন, “আমাদের ছেলেরা প্রতিদিন ওখানে মার খাচ্ছে। এফআইআর করেও লাভ হচ্ছে না কোনও। এ সব থেকে নজর ঘোরাতেই এই খুন। তৃণমূলের লোকজনই তৃণমূল নেতাকে মেরেছে। সিন্ডিকেট, টাকা পয়সা নিয়ে গণ্ডগোলের জেরেই এই খুন।”
তবে খুনের মোটিফ সম্পর্কে মুখ খোলেনি পুলিশ। এ ব্যাপারে সাংবাদিকরা বারবার প্রশ্ন করলে ব্যারাকপুরের পুলিশকর্তা আনন্দ রায় জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এ ব্যাপারে নিশ্চিত হবেন তাঁরা।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-state-mamata-banerjee-will-go-to-nimta-tomorrow/