
শেষ আপডেট: 4 April 2023 08:49
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান : সামনে পঞ্চায়েত ভোট। ভোটের আগে এলাকার পরিস্থিতি ভয়াবহ করে তুলছে তৃণমূলের দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের। বিরোধী দলের দাবি, দুই গোষ্ঠীর বচসার জেরে আগ্নেয়াস্ত্র বার করে এক যুবককে মেরে ফেলার হুমকি (Threatens) দিয়েছে তৃণমূলের এক কর্মী শুভজিৎ মণ্ডল। ঘটনাটি ঘটেছে, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পাণ্ডবেশ্বর (Pandaveswar) থানা এলাকার সোনপুর বাজারি এলাকায় বাউরি পাড়ায়। এই নিয়েই বিরোধী দল শাসকদলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।
সূত্রের খবর, সোমবার রাতে এলাকার এক যুবক কোনও সমস্যার জন্য, তৃণমূল নেতা শুভজিৎ মণ্ডলের সঙ্গে কথা বলতে যায়। সেখানেই পুরনো কোনও ঝামেলার জেরে সেই ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হয়। অভিযোগ, তারপরই শুভজিৎ মণ্ডল হুমকি দেয়, এবং বন্দুক বার করে গুলি করে মেরে দেওয়ার ভয় দেখায়।
এলাকাবাসীরা তাঁর হাত থেকে বন্দুক কেড়ে নেয়। এরপর পুলিশ এসে বন্দুক উদ্ধার করলেও শুভজিৎ সেখান থেকে পালিয়ে যায়।
বিজেপি পার্থ পালের বক্তব্য, পঞ্চায়েত ভোটের আগেই যদি তৃণমূলের এই কার্যকলাপ হয়, তাহলে ভোটের সময় কী হবে! যদিও তাঁর বিশ্বাস, গ্রামবাসীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে, ভয় দেখিয়ে ভোট পাওয়া যাবে না।
পার্থ বাবু জানিয়েছেন, শুভজিৎ আসলে তৃণমূলের দুষ্কৃতী। গ্রামবাসীরা থানায় অভিযোগ জানালেও পুলিশ এখনও কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন বিজেপি নেতা।
এই ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখার্জি জানান, এই ঘটনায় যে জড়িত থাকবে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। সে যদি তৃণমূলের কর্মী হন তালেও তিনি শাস্তি পাবেন। কারণ তৃণমূল এই ধরনের ঘটনায় কাউকে প্রশ্রয় দেবে না।
দলবদল ঘিরে উত্তপ্ত ভেটাগুড়ি, তৃণমূল কর্মীদের মারধরের নালিশ বিজেপির বিরুদ্ধে