
শেষ আপডেট: 14 January 2023 13:00
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: 'থাকব না আর বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে।'
বিদ্রোহী কবি সেই কবেই লিখে গিয়েছেন এই কবিতা। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার (Kakinara) বাসিন্দা স্কুলছাত্র (student) সায়ন প্রামাণিকও যেন ঠিক এমনটাই। ঘরে থাকতে আর ভাল লাগে না তার। কখনও গঙ্গার পাড়ে ঘুরে বেড়ায়, কখনও আবার স্টেশনে বসে ট্রেন দেখে। হকারের হাঁক পেড়ে চিপস বিক্রি করা দেখতে ভাল লাগে তার। নৌকা থেকে জাল ফেলে জেলের মাছ ধরা দেখে মজা পায়। কিন্তু বাড়ি ফিরলেই চার দেওয়ালের মধ্যে দমবন্ধ হয়ে আসে। তাই মাঝেমধ্যে বাড়ি থেকে পালিয়ে যায়।
এবার সেই ছাত্রকে চুঁচুড়া স্টেশন থেকে উদ্ধার করল চুঁচুড়া থানার পুলিশ। সূত্রের খবর, স্কুলের পোশাক পরে সে স্টেশন চত্বরে ঘোরাঘুরি করছিল। সন্দেহ হওয়ায় তাকে ধরে থানায় নিয়ে আসে পুলিশ। 'নাম কী? বাড়ি কোথায়?' জিজ্ঞাসা করেন পুলিশ অফিসাররা। প্রশ্নের উত্তরে ছাত্রটি জানায়, তার বাড়ি কাঁকিনাড়ায়। নাম সায়ন প্রামাণিক। একইসঙ্গে এও বলে যে, সে এখন ষষ্ঠ শ্রেণির ছাত্র। বাড়িতে বাবা-মা কেউ নেই। সে একাই থাকে। আত্মীয় বলতে নবদ্বীপে এক দিদি রয়েছে।
এরপর পুলিশ তার কাছ থেকে সেই দিদির নম্বর নিয়ে ফোন করে গোটা ঘটনা খুলে জানায়। পরে তাকে উত্তরপাড়া হোমে পাঠানোর ব্যবস্থা করে। এদিকে বিকেলে হঠাৎ ছাত্রের মা শোভারানি প্রামাণিক এসে হাজির হন চুঁচুড়া থানায়। তিনি জানান, তাঁর ছেলে মাসে দু-একবার এভাবেই পালিয়ে যায়। লকডাউনের সময় থেকে এই পালানোর শখ পেয়ে বসেছে তাকে। তাই ছেলেকে চোখে চোখে রাখতে হয়।
জানা গেছে, ছেলেকে প্রতিদিনই স্কুলে দিয়ে আসা এবং নিয়ে আসা করেন তার মা। শনিবার সকালেও স্কুলে দিয়ে এসেছিলেন। ভেবেছিলেন ছুটি হলে আবার নিয়ে আসবেন। কিন্তু তার আগেই পালিয়ে যায় সে। তবে আজকে চুঁচুড়া পুলিশের কাছে ধরা পরে যায়।
টায়ার আর ব্যাটারি শোরুমের জানালার রড কেটে বর্ধমানে প্রায় চার লক্ষ টাকা নিয়ে চম্পট