
শেষ আপডেট: 29 March 2024 20:47
দ্য ওয়াল ব্যুরো, বালুরঘাট: ‘জীবন বিসর্জন দিতে যাচ্ছি, আমার ব্যাগ ও মোবাইল হনুমান মন্দির থেকে তুলে নিও।‘ দুপুরে বাবার ফোনে মেয়ের এমনই মেসেজ আসে। তারপর থেকে আর কোনও খোঁজ নেই কলেজ ছাত্রীর। বালুরঘাটের সেই পড়ুয়ার খোঁজে চলছে তল্লাশি।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তপনের করদহতে ছাত্রীর বাড়ি। তবে লস্করহাটে মামাবাড়িতে থেকে বিএড কলেজে পড়াশোনা করতেন তিনি। বৃহস্পতিবার টিউশন পড়তে বেরিয়েছিলেন ওই ছাত্রী। তারপরই বাবার ফোনে আসে ওই মেসেজ। এরপর বালুরঘাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে পরিবার।
এদিকে তরুণীর ফোন থেকে তাঁর বাবাকে যে মেসেজ পাঠানো হয়েছিল, তাতে ব্যাগ ও মোবাইল হনুমান মন্দির থেকে তুলে নেওয়ার কথা বলা হয়। বালুরঘাট শহরের আত্রেয়ী সেতুর কাছে একটি হনুমান মন্দির রয়েছে।শুক্রবার সকাল থেকে ওই ছাত্রীর খোঁজে আত্রেয়ী নদীতে তল্লাশি চালায় সিভিল ডিফেন্স ও পুলিশের ডুবরি টিম। আত্রেয়ী নদীর সরোজরঞ্জন সেতু সংলগ্ন এলাকায় দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও ওই ছাত্রীর কোন খোঁজ পাওয়া যায়নি। সেখান থেকে কোনও ব্যাগ বা মোবাইল উদ্ধার হয়নি।
ঘটনাটি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। তদন্তকারীদের একাংশের মতে, তরুণী আদৌ নদীতে ঝাঁপ দিয়েছেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। আবার তাঁকে কেউ অপহরণ করেছে কিনা কিংবা স্বেচ্ছায় তাঁর চলে যাওয়ার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। শুক্রবার রাত পর্যন্ত ওই ছাত্রীর কোনও খোঁজ পাওয়া যায়নি।