
শেষ আপডেট: 25 July 2023 13:51
দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতে চুরি করতে কারখানায় ঢুকেছিল চোর বাবাজীবন (Thief)। রক্ষী (Security Guards) থাকলেও তাঁরা কেউই চোরের উপস্থিতির টের পাননি। বিপদ বাঁধল অন্যত্র। জালে ঘেরা লোহার স্টোরে গলা থেকে মাথা পর্যন্ত ঢুকিয়ে দু’হাতে করে কারখানার বিভিন্ন সামগ্রী চুরি করছে, এমন সময়ই লোহার জালের অপর অংশে আটকে গেল চোরের মাথা!
রাতভর শত চেষ্টা করেও সেই জাল সরাতে পারেনি চোর। সাহায্যের জন্য চিৎকার করেও লাভ হয়নি। ঘুম ভাঙেনি নিরাপত্তারক্ষীদের (Security Guards)! সকাল ১০টা নাগাদ স্টোর খুলতে সকলের নজরে আসে, কে যেন ঝুলছে স্টোরের জালে ঘেরা অংশে! সামনে আসে চোরের কীর্তি! পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ইস্পাত কারখানার ঘটনা।
গোটা ঘটনায় প্রশ্নের মুখে কারখানার অভ্যন্তরীণ নিরাপত্তা। স্থানীয় হাসপাতাল হয়ে শ্রীঘরে ঠাঁই হয়েছে দুর্গাপুরের রাজানগর এলাকার বাসিন্দা আলতাব আলির। স্টোরের পাশেই রয়েছে সিআইএসএফ (CISF) জওয়ানদের কয়েকটি ঘর। কর্মীরা বলছেন, চোর নিজেই জানিয়েছে, প্রাণে বাঁচার তাগিদে বহুবার চিৎকার করেছিল। তাহলে রক্ষীরা কি করছিলেন?
তাঁদের কানে কেন পৌঁছল না সেই আওয়াজ? নিরাপত্তা তবে কি কেবলমাত্র কারখানা থেকে কর্মীরা বেরোনোর সময় তাদের তল্লাশিতেই সীমাবদ্ধ? বাকি সময়ের নিরাপত্তার দিকে কারও কোনও নজর নেই? জবাব মেলেনি রক্ষীদের (Security Guards) কাছ থেকে। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে কারখানা কর্তৃপক্ষও।
কারখানা সুত্রে জানা গিয়েছে, গতকাল রাত ২ টো নাগাদ দুর্গাপুরের মেইন গেটের রাজানগর এলাকার বাসিন্দা আলতাব আলি নামে এক দুষ্কৃতী কারখানার সিএইচআরডি (প্ল্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট) সংলগ্ন একটি স্টোরে চুরি করতে ঢোকে। সেখানে স্টোরের একটি লোহার দরজায় তার মাথা আটকে যায়। তারই জেরে সামনে এসেছে রক্ষীদের ঢিলঢালা ছবিটাও।
আরও পড়ুন: ‘পরিকল্পনা করে দুর্নীতি হয়েছে’, মানিককে জেরা করবে সিবিআই, প্রাথমিকের নতুন মামলায় নির্দেশ