
শেষ আপডেট: 30 December 2018 14:56
দ্য ওয়াল ব্যুরো: আগেই তিনি তত্ত্ব দিয়েছিলেন মহাভারতের সময় ইন্টারনেট ছিল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে কম ট্রোল তো হয়নি! এ বার সে সবের ‘বৈজ্ঞানিক যুক্তি’ দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। নিজের তত্ত্বকে যুক্তিগ্রাহ্য করতে টেনে আনলেন স্বয়ং স্যার আইজ্যাক নিউটনকে।
কী বললেন বিপ্লববাবু?
শনিবার আগরতলায় হরেকৃষ্ণ উৎসবে যোগ দিয়েছিলেন একদা জিম ট্রেনার বিপ্লববাবু। সেই অনুষ্ঠান মঞ্চেই তিনি বলেন, “আমি বলেছিলাম মহাভারতের সময়ে ইন্টারনেট ছিল। ইন্টারনেট এখন চালু হলেও আসলে ব্যাপারটা সেখান থেকেই নেওয়া। আপনারাই বলুন, দূরে যুদ্ধ হচ্ছে আর সঞ্জয় অন্য জায়গায় বসে ধারাবিবরণী দিচ্ছেন। স্যাটেলাইট বা ইন্টারনেট না থাকলে কী ভাবে সেটা হয়? আমি এ কথা বলেছি বলে কমিউনিস্টরা কত কথাই না বলছে। কমিউনিস্টরা সব সময় দেশকে ছোট করে দেখে।”
এর পরেই বিপ্লববাবু বলেন, “নিউটন যদি গাছ থেকে আপেল পড়ছে দেখে মাধ্যাকর্ষণ শক্তির থিওরি আবিষ্কার করতে পারেন, তা হলে কেন মহাভারতের সময় ইন্টারনেট থাকতে পারে না?” মুখ্যমন্ত্রীর এই বক্তৃতা শুনে করতালিতে ফেটে পড়ে উপস্থিত জনতা।
মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই তাঁর মুখনিঃসৃত বাণীর জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং রাজনীতিবিদ। কখনও সিভিল সার্ভিস পরীক্ষায় বসার যোগ্যতা হিসেবে বলেছেন, সিভিল ইঞ্জিনিয়র হতে হবে। কখনও নাইট উপাধির সঙ্গে নোবেল প্রাইজ গুলিয়ে ফেলে বলেছেন, রবীন্দ্রনাথ ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে নোবেল প্রাইজ ফিরিয়ে দিয়েছিলেন। এই শুনে অনেকে ঠাট্টা করে বলেছিলেন, ‘ফিরিয়ে দিয়ে থাকলে তো নোবেল চুরিই হয়নি।’ এর পরেও থামেনি বিপ্লবের বাণী। মাস তিনেক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সততা নিয়ে বলতে গিয়ে বলেছিলেন, ‘মোদীর একভাই মুদি। আর এক ভাই অটো চালক।’ এ বার নিজের থিওরিকে প্রতিষ্ঠিত করতে টেনে আনলেন নিউটনকেও।