
শেষ আপডেট: 6 April 2022 14:10
দ্য ওয়াল ব্যুরোঃ বেলগাছিয়া মেট্রো স্টেশনের সঙ্গে এবার থেকে জুড়ে গেল থিজম্ গ্ৰুপের (Theism Belgachia) নাম। সূত্রের খবর, বেলগাছিয়া মেট্রো স্টেশনের ব্র্যান্ডিং রাইট পেয়েছে এই থিজম্ গ্ৰুপ।
ব্র্যান্ড বিল্ডিং কর্মসূচির অংশ হিসেবে কলকাতার থিজম্ গ্রুপ কলকাতা মেট্রোর (Kolkata Metro) সঙ্গে বেলগাছিয়া স্টেশনের ব্র্যান্ডিং এবং স্টেশনের যৌথ নামকরণ করার একটি চুক্তি সই করেছে। তাই এখন থেকে ওই স্টেশনের নাম হবে ‘থিজম্ বেলগাছিয়া’। ভারতীয় রেলের ইতিহাসে এই প্রথমবার মেট্রো স্টেশনে ব্র্যান্ডিংয়ের জন্যে বেসরকারি সংস্থাগুলির সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে।
আরও পড়ুনঃ ২০২২ সালের ধনীতমদের তালিকা প্রকাশিত, জেনে নিন আম্বানি, আদানি কত নম্বরে
প্রায় ৫০ বছর ধরে থিজম্ (Theism) গ্রুপ তাদের স্বাস্থ্য পরিষেবা, বিনোদন ও বিদ্যুৎ পরিকাঠামো ব্যবসার জন্য পরিচিত। এবার এই প্রতিষ্ঠানই বেলগাছিয়া মেট্রো স্টেশনের ব্র্যান্ডিংয়ের টেন্ডারে সর্বোচ্চ বিডার হিসেবে নির্বাচিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী ৫ বছরের জন্যে এই মেট্রো স্টেশন ব্র্যান্ডিংয়ের সত্ত্বাধিকারী থাকবে থিজম্ গ্রুপ। এই গ্রুপের অধীনস্থ স্বাস্থ্য পরিষেবা শাখা থিজম্ ডায়াগনোস্টিক্স-এর ব্র্যান্ডিংয়ে এবার সেজে উঠবে বেলগাছিয়া মেট্রো স্টেশন।
কলকাতা মেট্রোর এক আধিকারিক জানান, "থিজম্ গ্রুপের সঙ্গে এই ব্র্যান্ডিং চুক্তিতে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। এই নতুন চুক্তি সই করার মধ্যে দিয়ে আমরা আরও একবার প্রমাণ পেলাম যে বেসরকারি সংস্থারা কলকাতা মেট্রোর সঙ্গে কাজ করতে কতটা উৎসাহী। এই মেট্রো স্টেশন ব্র্যান্ডিংয়ের উদ্যোগকে এতটা আগ্রহের সঙ্গে নেওয়ার জন্য আমরা থিজম্ গ্রুপকে ধন্যবাদ জানাই।"
থিজম্ গ্রুপের চিফ ডিজিটাল অফিসার এবং ডিরেক্টর ঋতম সাহা বলেন, "সামগ্রিক ব্র্যান্ডিং স্ট্র্যাটেজির অংশ হিসেবে আমরা বেলগাছিয়া মেট্রো স্টেশনে কিছু অভিনব উদ্যোগ আনতে চলেছি। এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করব স্টেশন দিয়ে যাতায়াত করা দৈনিক যাত্রীদের ও রেলওয়ে কর্মীদের জন্যে বিশেষ কিছু করার।"