
শেষ আপডেট: 30 December 2022 09:47
পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে পার্টি, পিকনিক, হ্যাংআউটের নানা প্ল্যান চারদিকে। এসবের মাঝেই এ শহরের নাট্যপ্রেমীদের জন্য রয়েছে বিশেষ সুখবর। অভিনেতা ও পরিচালক সৌরভ পালোধির নাট্যগোষ্ঠী 'ঠাকুরপুকুর ইচ্ছেমতো' অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে আয়োজন করেছে সারারাত ব্যাপী নাট্যোৎসব, 'ইচ্ছেমতো পার্বণ' (Theatre Festival)।

৩১ ডিসেম্বর রাত ১০:৩০ থেকে ১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত চলবে এই উৎসব (31st Night)। অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রবাদপ্রতিম নাট্য ব্যক্তিত্ব, নির্দেশক ও অভিনেতা উৎপল দত্তের কন্যা বিষ্ণুপ্রিয়া দত্ত, পরিচালক অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়, বিমল চক্রবর্তী।

সৌরভ পালোধি বললেন, 'ছেলেবেলায় ৩১ ডিসেম্বর কাটত নাট্যকার বিভাস চক্রবর্তীর দল 'নাট্য স্বপ্নকল্প' দেখে। এখন রাতে সেটা আর হয় না। নাটকের রাত পার্বণ উৎসব ২০১৯ সাল থেকে আমিই শুরু করেছিলাম। মাঝে দু'বছর কোভিডের জন্য রাতে করতে পারিনি, দিনের বেলায় হয়েছে। এ বছরে নাট্যোৎসব করতে আবারও রাতে ফিরে এলাম। অনেক দলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তাঁরাও সাদরে আমার আমন্ত্রণে সাড়া দিয়ে অংশগ্রহণ করছেন। এই উৎসবে অংশগ্রহণ করবেন নান্দীকার, প্রাচ্য থিয়েটার গ্রুপ, থিয়েটার প্ল্যাটফর্ম, নয়ে নাটুয়া এবং ঠাকুরপুকুর ইচ্ছেমতো গ্রুপ।
আগে যখন এই নাট্য উৎসব করেছি, তখন হাউসফুল হয়েছে হল। এ বছরও সেই দিকেই এগোচ্ছে। ভীষণ ভাল সাড়া পাচ্ছি। এখন মাত্র কয়েকটা টিকিট পড়ে আছে। যাঁরা নাটক দেখতে পছন্দ করেন, সারারাত কোথাও যাওয়ার থাকে না, তাঁরা এই মুহূর্তের জন্য অপেক্ষা করে থাকেন।'
রাতব্যাপী এই নাট্য উৎসবে কী কী নাটক মঞ্চস্থ হবে, দেখে নেওয়া যাক।

নান্দীকার গ্রুপের নাটক 'অন্তরণ' দিয়ে নাট্য উৎসবের শুভসূচনা হবে। সপ্তর্ষি মৌলিক নির্দেশিত এই নাটকের প্রধান উপদেষ্টা সোহিনী সেনগুপ্ত।

দ্বিতীয় নাটক প্রাচ্য থিয়েটার গ্রুপের 'গণিকা ও গোয়ের্নিকা'। নির্দেশনা বিপ্লব বন্দ্যোপাধ্যায়। অভিনয়ে বুদ্ধদেব দাস, অমৃতা মুখোপাধ্যায়, সুপর্ণা দাস। অসহায় মধ্যবিত্তের দ্বিচারিতার গল্প নিয়ে এই নাটক। সেই মধ্যবিত্তের গল্প, যারা আত্ম বিজ্ঞাপনের তাগিদে আসল মুখটাই ঢেকে রাখে বিজ্ঞাপনে। বাইরের জগতের কাছে আদর্শবাদী হয়ে ওঠার লোভে নিজের অস্তিত্বের জানান দিতে চায় না, লুকিয়ে রাখে অন্ধকারে। সেই অস্তিত্বকেই এক ঝটকায় সকলের সামনে তুলে ধরে এই নাটক।

তৃতীয় নাটক ঠাকুরপুকুর ইচ্ছেমতো গ্রুপের 'ভালোবাসার পদাবলী'। নির্দেশনায় সৌরভ পালোধি। নাটকটি লিখেছেন সৌমিত দেব। অভিনয়ে দেখা যাবে তুর্ণা দাস, জয়রাজ ভট্টাচার্যকে। সঙ্গীত পরিচালক দেবদীপ মুখোপাধ্যায়।

চতুর্থ নাটক পরিবেশনে থাকবে থিয়েটার প্ল্যাটফর্ম। নাটকের নাম 'লাইফ'। পরিচালনা দেবাশিসষ। জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে অভিনয়ে দেখা যাবে।

পঞ্চম নাটক সৌরভ পালোধির ঠাকুরপুকুর ইচ্ছেমতো নাট্যগোষ্ঠীর 'ম্যাডি'। দুনিয়া জুড়ে যখন কোনও শক্তি দণ্ডমুণ্ডের কর্তা হয়ে ওঠে, মানুষ যার কাছে কেবল একটা মাংসপিণ্ডের দলা হয়ে ওঠে, তখন সেই শাসকই মানুষের কাছে সাজা পায়। শাসককে শোষক হিসেবে চেনার যে রাস্তা, সেই রাস্তার বিভিন্ন মোড়, গলি, চৌমাথায় এই নাটকের গল্প আবর্তিত। নির্দেশনায় সৌরভ পালোধি। অভিনয় আছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব দাস, শান্তনু মণ্ডল। সঙ্গীত পরিচালনায় দেবদীপ মুখোপাধ্যায়।

ষষ্ঠ নাটকে এই উৎসবের সমাপ্তি ঘটবে। কাব্য-গানে বাংলা নাটকের গান ও কবিতা দিয়ে তৈরি পারফরমেন্স নয়ে নাটুয়ার মাধ্যমে পরিবেশিত হবে অভিনব উস্থাপনা। অভিনয় ও নির্দেশনায় গৌতম হালদার।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকবেন আরজে রয়। অনুষ্ঠানের বিরতির মাঝে তিনি বাংলা শব্দের খেলা, 'শব্দবাজি'তে মানুষকে আকৃষ্ট করে রাখবেন।

কলকাতায় পেলে, সারা শহরে শুধু ‘গোওওওল!’ ফুটবলপাগল মহুয়ার ছেলে হল, নাম দিলেন গোলা