রফিকুল জামাদার: রাজ্য পর্যটন দফতরের অধীন লজগুলি ঢেলে সাজাতে চলেছে রাজ্য সরকার।
সূত্রের খবর, সেগুলিকে থ্রি-স্টার হোটেলের পর্যায়ে উন্নীত করা হবে। আরও আধুনিক করা হবে পরিষেবা। এই উদ্দেশে আজ, বুধবার থেকে তিন মাসের জন্য বন্ধ থাকবে সরকারি লজগুলির বুকিং।
পর্যটন দফতর জানিয়েছে, রাজ্য জুড়ে ৪২টি এরকম লজ রয়েছে। যার মধ্যে ১০ টি লজ আউট সোর্সে দেওয়া আছে। বাকিগুলিতে সংস্কারের কাজ শুরু হতে চলেছে। পর্যটন দফতরের অধিকর্তা তন্ময় চক্রবর্তী জানান, পয়লা জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম লটে কাজ শুরু হবে। এই তালিকায় থাকবে দশটি সরকারি লজ। সেগুলি হল:
১) ডুয়ার্স
২) মৈনাক
৩) মালদা
৪) বাতাবাড়ি
৫) মালবাজার
৬) জলদাপাড়া
৭) বহরমপুর
৮) বকখালি
৯) দীঘা
১০) মালঞ্চ
বাকি ২২টি লজে কাজ হবে সেকেন্ড লটে, ১৫ জুলাই থেকে। আশা করা হচ্ছে, পুজোর আগে থ্রি-স্টার পর্যায়ে পৌঁছে যাবে লজগুলি। তখন ফের বুকিং শুরু করা যাবে।
বস্তুত, অন্য রাজ্যের ট্যুরিস্ট লজগুলির তুলনায় বেশ পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন পরিষেবা। যেখানে মধ্যপ্রদেশ বা কেরলের মতো রাজ্যের সরকারি লজগুলি সারা দেশের পর্যটকদের কাছে রীতিমতো আকর্ষণীয় ব্যাপার, সেখানে পশ্চিমবঙ্গের চেহারা যেন ঠিক উল্টো। পারতপক্ষে সরকারি লজে থাকতে চান না বাইরে থেকে আসা পর্যটকেরা। পরিচ্ছন্নতাই হোক বা পরিষেবা, এখনও অনেকটাই পিছিয়ে বলে মনে করছেন ভ্রমণপ্রেমী মানুষেরা।
এই অবস্থার পরিবর্তন হয় কি না, সেটাই এখন দেখার তিন মাসের সংস্কারের শেষে।