দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার : টিএমসিপির ছাত্রনেতা মজিদ আনসারি খুনে অভিযুক্তদের ছবি ফ্লেক্স বানিয়ে শহরের বিভিন্ন জায়গায় লাগালো ছাত্রছাত্রীরা। ফ্লেক্সে এই হত্যাকাণ্ডে ধৃত মুন্না খানের সঙ্গে বাকি অভিযুক্তদের ছবি দেখে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কোচবিহারে।
দোষীদের গ্রেফতারের দাবিতে কোচবিহার পেরিয়ে দিনহাটা সহ বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ মিছিল ও সভা। এ সবের মাঝে শনিবার পরীক্ষাও বয়কট করে কোচবিহার কলেজের ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, বাকি অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত কোনও পরীক্ষা তাঁরা দেবেন না। এ দিনই মাজিদ আনসারিকে যারা গুলি করেছিল তাদের ছবি ফ্লেক্স করে শহরের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয় ছাত্রযুবরা।
দুষ্কৃতীদের গুলিতে জখম হওয়ার পরে ১২ দিন ধরে যমে মানুষে টানাটানির পরে বুধবার রাতে মৃত্যু হয় কোচবিহার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মজিদের। তারপর থেকেই তাঁর খুনিদের গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে ওঠে শহর। শুক্রবার বনধও পালিত হয় কোচবিহারে।