দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্যকেন্দ্রের পানীয় জলের অভাব ছিলই। এবার পাঁচিল নিয়েও অভিযোগ উঠেছে। স্বাস্থ্যকেন্দ্রের পাঁচিল অবস্থা খুব একটা ভালো ছিলনা। ঝড়ের দাপটে ভেঙে যায় পাঁচিলে অনেকাংশ। কিন্তু সেই নিয়ে কোনও হেলদল নেই প্রশাসনের। কথা হচ্ছে, পূর্ব বর্ধমানের মেমারির পাল্লারোড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিকে নিয়ে।
স্বাস্থ্যকেন্দ্রের মূল গেটের পাশের পাঁচিল বয়সে হয়েছে, কিন্তু সংস্কার হয়নি। উত্তর পূর্ব দিকের অংশে মেরামত করা হলেও বাকি অংশ এখনও সীমানাবিহীন অবস্থাতেই পড়ে রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে পাঁচিলটির অবশিষ্ট কিছু নেই বললেই চলে। সব মিলিয়ে পাল্লারোড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির নিরাপত্তা এখন প্রশ্নের মুখে।
স্থানীয় বাসিন্দা ভুবনেশ্বর সরকারের অভিযোগ, প্রায় ৩৫ বছর আগে পথচলা শুরু করেছিল এই স্বাস্থ্যকেন্দ্রটি। তখন সীমানা ইঁটের গাঁথুনি ও কাঁটাতার দিয়ে ঘেরা ছিল। একাধিক ল্যাম্পপোস্ট ছিল ওই চত্বরে। দেখাশোনার অভাবে সেগুলি খারাপ হয়ে যায়। পরে সেগুলির মেরামত করার ব্যবস্থা নেয়নি প্রশাসন। রাতে হাসপাতালে পাহারাদার রয়েছে। কিন্তু পাঁচিল ও পর্যাপ্ত আলোর অভাবে স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে নানাভাবে। প্রায় সমস্ত বাতিগুলি অকেজো হয়েগিয়েছে। সেইগুলি ঠিক করে দিলে এবং সম্পূর্ণ অংশ না হলেও মূলগেট সংলগ্ন পাঁচিল মেরামত করলে মিটতে পারে সমস্যা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, স্বাস্থ্যকেন্দ্রে বহুদিন ধরেই পানীয় জলের সমস্যা রয়েছে। গোটা হাসপাতাল ঘুরলেও মিলবে না পানীয় জল। স্থানীয় বাসিন্দা কামেশ্বর রানা জানান, " আসলে পাঁচিল না থাকায় চুরি হয়ে গেছে কলের যন্ত্রাংশ, মেরামত করলেও নিরাপত্তার অভাবে ফের চুরি হচ্ছে কলের যন্ত্রাংশ থেকে নানা জিনিষ"।
তাই স্বাস্থ্যকেন্দ্র নিয়ে রাজ্য সরকারের 'পাড়ায় পাড়ায় সমাধানে' নালিশ জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, অবিলম্বে প্রশাসন এই স্বাস্থ্যকেন্দ্রের হাল ফেরাতে উদ্যোগী হোক। এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু বলেন, খোঁজ খবর নিয়ে দেখব। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন।