
শেষ আপডেট: 6 September 2023 08:05
দ্য ওয়াল ব্যুরো: টেট মামলায় (TET case) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Gangopadhyay) রায় বহাল রাখল কলকাতা হাইকোর্ট। ৮২ না ৮৩, কত নম্বরকে টেট পাশের জন্য গণ্য করা হবে তা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। ওই মামলায় ৮২ নম্বর প্রাপ্তদের উত্তীর্ণ হিসাবে গণ্য করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, টেটের পাশ মার্ক সংক্রান্ত একটি মামলায় গত ৩ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ২০১৪ এবং ২০১৭ র টেটে সংরক্ষিত বিভাগের যে প্রার্থীরা ৮২ পেয়েছেন তাদের টেট উত্তীর্ণ হিসাবে গণ্য করতে হবে এবং ২০২২ এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এক্ষেত্রে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ ও এনসিটিই-র রিপোর্ট উল্লেখ করে এই রায় দেন বিচারপতি। বোর্ড সেই সিদ্বান্ত মেনে নেয়। শুরু হয় ইন্টারভিউ।
সেই সময় আবার বেশ কয়েকজন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁদের দাবি, ৮২ পেলে পাস করানো যাবে না। পাশের ধার্য মার্কস ৮৩ ধরা হোক। এদিকে, আবার ৮২ পেয়েছেন এমন ১০ হাজার চাকরিপ্রার্থী টেটে সফল হিসাবে ইন্টারভিউও দেন। তার মধ্যেই এই মামলা।
৮২ না ৮৩! টেটের পাশ মার্ক (TET Exam) সংক্রান্ত মামলার রায় দিতে গিয়ে সামনে এসেছিল দুই বিচারপতির মতান্তর। মামলা গড়িয়েছিল তৃতীয় বেঞ্চে। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ ওই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: পার্থর জামিনের শুনানি পিছিয়ে গেল, পুজোর আগে মুক্তির সওয়াল করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী