
শেষ আপডেট: 10 February 2023 06:29
দ্য ওয়াল ব্যুরো: জল্পনা চলছিলই, সেটাই সত্যিই হল। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হল, আজ অর্থাৎ শুক্রবারই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে ২০২২ সালের টেটের (Primary TET 2022)। পরীক্ষার দু'মাসের মধ্যে রেজাল্ট বের করছে পর্ষদ (Primary Education Board)।
গত বছর ১১ ডিসেম্বর নেওয়া হয়েছিল টেট পরীক্ষা। নির্বিঘ্নেই পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেটে দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য, এমন পরিস্থিতিতে কোনও বিতর্ক ছাড়া পরীক্ষা নেওয়া পর্ষদের কাছে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে ২০২২-এর টেটের পরীক্ষা নিয়েছে পর্ষদ। এবার পালা রেজাল্টের। শুক্রবার দুপুর ১টা নাগাদ ফল প্রকাশ করা হবে।
পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। ডিসেম্বরের টেটে ৬ লক্ষ ৯০ হাজার জন পরীক্ষার্থী বসেছিলেন।
বৃহস্পতিবারই পর্ষদের তরফে চূড়ান্ত ওএমআর শিট প্রকাশ করা হয়েছিল। তখনই ইঙ্গিত মিলেছিল খুব দ্রুতই ফল বের করতে চায় পর্ষদ। ২৪ ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ করার কথা ঘোষণা করা হল।
পর্ষদের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রশ্নপত্র এবং উত্তরপত্রে চারটি ছাপার ভুল ছিল। সেজন্য ওই চারটি প্রশ্ন যাঁরা যাঁরা উত্তর দিয়েছেন, তাঁদের পুরো নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টেটের চূড়ান্ত 'ওএমআর' শিট প্রকাশ পর্ষদের, বাড়তি নম্বর পাচ্ছেন পরীক্ষার্থীরা! রেজাল্ট কবে?