
শেষ আপডেট: 25 September 2023 07:23
দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: ভয় ধরানো ছবি শিশু শিক্ষা কেন্দ্রের (Termite infestation)। অবস্থা এমনই যে ছোটদের স্কুলে পাঠানোই বন্ধ করে দিয়েছেন অভিভাবকরা। যে কয়েকজন এখনও পড়তে যাচ্ছে স্কুলে, ঝুঁকি থাকছে বলেই জানাচ্ছেন তাদের মা-বাবারা (Jhargram school)।
সাকুল্যে স্কুলে তিনটি ক্লাসঘর। তিনটি ক্লাসঘরেরই ভগ্নদশা। বর্ষার মরশুমে ঘরগুলির অবস্থা আরও খারাপ হচ্ছে প্রতিদিন। কোথায় বসিয়ে ছাত্রদের ক্লাস করানো হবে ভেবে পান না শিক্ষিকারাও। তাঁদের অভিযোগ, প্রশাসনিক স্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি। যদি ছোটদের কোনও বিপদ হয় এই ভয়ে কাঁটা হয়ে থাকেন তাঁরা।
স্কুলের প্রধানশিক্ষিকা প্রতিমা মাহাতো বলেন, ‘‘এখনই কোনও ব্যবস্থা না নেওয়া হলে ছোটদের নিয়ে গাছতলায় বসতে হবে। অথচ বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনও ফল মিলছে না। ইঞ্জিনিয়ার এসে দেখেও গেছেন স্কুলের পরিস্থিতি। কিন্তু তারপর আর কিছুই এগোয়নি।’’ ধানঘোরী পঞ্চায়েতের উপপ্রধান সৌমিত্রকুমার মাইতি অবশ্য দাবি করলেন, এতসবের কিছুই তিনি জানেন না। তিনি বলেন, ‘‘আমার কাছে কেউ কোনও অভিযোগ জানায়নি। যদি এমন কিছু হয় তাহলে অবশ্যই ব্যবস্থা নেব।’’
আরও পড়ুন: এক দেশ-এক ভোট: শনিবার কোবিন্দ কমিটির বৈঠক, শীতকালীন অধিবেশনেই কি বিল