
শেষ আপডেট: 20 September 2022 02:23
দ্য ওয়াল ব্যুরো: মানসিক অবসাদ (depression) থেকে মুক্তি পেতে নেশামুক্তি কেন্দ্রে (rehabilitation center) ভর্তি করা হয়েছিল এক কিশোরকে (teenager)। কিন্তু সুস্থ হওয়া দূর, তার আর বেঁচেই বাড়ি ফেরা হল না। নেশামুক্তি কেন্দ্রেই তার মৃত্যুকে (death) কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ছেলেকে খুন (Murder) করা হয়েছে বলে দাবি তুলেছেন মৃত কিশোরের পরিবারের লোকজন (family)।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সোদপুরে (Sodpur) । মৃত কিশোরের নাম প্রীতম সরকার। ১৭ বছর বয়সি ওই কিশোর শ্যামনগর নাথবাগানের বাসিন্দা বলে জানা গেছে। মানসিক অবসাদের কাউন্সেলিং করানোর জন্য চলতি বছরের এপ্রিল মাসে তাকে সোদপুরের একটি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়। কেন্দ্রটির তরফে জানানো হয়েছিল, কাউন্সেলিং সম্পূর্ণ হতে ৫ মাস লাগবে। পুজোর আগেই বাড়িতে ফিরবে বলে সকলকে জানিয়েছিল প্রীতম।
কিন্তু সোমবার দুপুরে হঠাৎই ওই নেশামুক্তি কেন্দ্র থেকে ফোন করা হয় প্রীতমের পরিবারকে। প্রাথমিকভাবে বলা হয় প্রীতম অসুস্থ, তাকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়। সেইমতো তার পরিবারের লোকজন সাগর দত্ত হাসপাতালে গিয়ে দেখতে পায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে প্রীতমের। হাসপাতালের তরফে জানানো হয় প্রীতমকে মৃত অবস্থাতেই সেখানে নিয়ে আসা হয়েছিল।
এরপরই প্রীতমের পরিবারের লোকজন অভিযোগ করে, ওই নেশামুক্তি কেন্দ্রেই তাকে পিটিয়ে অথবা বিষ খাইয়ে মারা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই অঞ্চলে। খড়দহ ও কামারহাটি থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে হাজির হয় ঘটনাস্থলে। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পর ওই নেশামুক্তি কেন্দ্রের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ছেলের মৃত্যুতে দোষীদের কঠিন শাস্তির দাবি তুলেছেন প্রীতমের পরিবারের লোকজন।
খুশির অন্নপ্রাশন! হাসপাতালেই মেয়েকে রেখে নিখোঁজ হয়েছিলেন মা, কোলে টেনে নিয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা