
শেষ আপডেট: 5 September 2022 08:00
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিজেপির (BJP) প্রাক্তন সভাপতি তথাগত রায় (Tathagata Roy) বরাবরই সোজাসাপ্টা কথা বলেন। তা যত অপ্রীতিকর হোক না কেন কোনও রাখঢাক রাখেন না তিনি।
সোমবার সকালে সেই তথাগত রায় টুইট করে স্পষ্ট বোঝাতে চাইলেন, স্রেফ ইডি-সিবিআই (ED CBI) দিয়ে বিজেপি বাংলায় ক্ষমতা দখল করতে পারবে না।
স্কুল সার্ভিস দুর্নীতি ও গরু পাচার কাণ্ডের তদন্তে বাংলায় সিবিআই ও ইডি যখন খুবই সক্রিয় তখন একটা প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। তা হল, শুধু এ ভাবেই কি বাংলা দখল করতে পারবে বিজেপি। বিশেষ করে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের মধ্যে এজেন্সির তৎপরতা নিয়ে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তাতে এই প্রশ্নটা বারবার ফিরে আসছে।
যেন তারই জবাব দিতে চেয়েছেন তথাগত রায়। তিনি টুইট করে বলেছেন, “ইডি ও সিবিআই চুরি ধরবে, তৃণমূলের মুখ চুন হবে ঠিকই। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারবে তখনই, যখন তারা একটি সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে রাজ্যবাসীকে একটা ভবিষ্যতের চেহারা দেখাতে পারবে। সেই সঙ্গে সংগঠনের দিশাহারা অবস্থাও কাটিয়ে উঠতে হবে। নচেৎ এই রাজ্যের কপালে আছে চরম অরাজকতা”।
https://twitter.com/tathagata2/status/1566273752375394304?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1566273752375394304%7Ctwgr%5Eb2786e192ec21b27b600359b32094149f9b3aec8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.abplive.com%2Fdistrict%2Fkolkata-news-bjp-will-come-to-power-if-it-can-show-the-people-future-vision-of-the-state-claims-tathagata-roy-917916
অর্থাৎ তথাগত বোঝাতে চেয়েছেন, বাংলা বিকল্প উন্নয়নের মডেল দেখতে চায়। তা এখনও দেখাতে পারেনি বিজেপি। কেবল ইডি-সিবিআইয়ের তৎপরতা দেখে লম্ফঝম্ফ চলছে।
বিজেপির সংগঠনের চেহারা যে ভাল নয়, সে কথাও অকপটে জানিয়েছেন তথাগত। কদিন আগে বৈদিক ভিলেছে বিজেপির কর্মশালা হয়েছে। দেখা গিয়েছে, সেখানেও তিন মন্ত্রী গরহাজির। তা ছাড়া দলের মধ্যে সমন্বয়ের তীব্র অভাবটা বারবারই প্রকট হয়ে পড়ছে। রাজ্যে বিজেপিকে তেমন আন্দোলনমুখীও দেখা যাচ্ছে না। পার্থ কাণ্ড ঘটেছে প্রায় দেড় মাস আগে। এত দিন পর ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের পরিকল্পনা করেছে বিজেপি। বড় কথা হল, শাসক দল পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই পর্যন্ত যখন শুরু করে দিয়েছে, তখন এ ব্যাপারে বিজেপির মধ্যে কোনও ভাবনাও দেখা যাচ্ছে না।
পর্যবেক্ষকদের অনেকের মতে, বিজেপি মহারাষ্ট্রে যে ভাবে অস্থিরতা তৈরি করে ক্ষমতা দখল করেছে, বাংলাতেও হয়তো তেমনই ঘটবে বলে আশা করছে। কিন্তু ভুলে গেলে চলবে না উদ্ধব ঠাকরে ও মমতা বন্দ্যোপাধ্যায় এক নয়। সিবিআই-ইডি কাণ্ডে তৃণমূল যতই অস্বস্তিতে পড়ুক ভোটের সহজ অঙ্কে এখনও এগিয়েই রয়েছে তৃণমূল।
রানিকুঠির ব্যবসায়ীর বাড়িতে সোমবার সাতসকালে সিবিআইয়ের হানা, ইডির তল্লাশি সোদপুরে