
শেষ আপডেট: 25 March 2023 07:38
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে এই দুর্নীতির সঙ্গে। এবার দমকলের নিয়োগের কেলেঙ্কারির অভিযোগ উঠল। টাকা নিয়ে দমকলে চাকরি (Fire Brigade Recruitment) দেওয়ার অভিযোগ তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বিরুদ্ধে!
সম্প্রতি একটি অডিও সামনে এনেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেই অডিও শুনিয়ে বিজেপি নেতা দাবি করেছেন, দমকল বিভাগে চাকরি দেওয়ার নামে টাকা চাইছেন তাপস। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
তেহট্টের বিধায়ক এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, যে অডিও দেখিয়ে অভিযোগ করা হচ্ছে তাতে যে গলা শোনা যাচ্ছে সেটা তাঁর নয়। তিনি বলেন, 'আমি কি চাকরি দেওয়ার লোক।' শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে 'চক্রান্ত' করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাপস।
বিজেপি নেতা দাবি করেছেন, টিনা সাহা ভৌমিক নামে দলেরই এক নেত্রীর থেকে চাকরি দেওয়ার নামে টাকা চেয়েছেন তাপস। টিনা হলেন তৃণমূলের নদিয়া জেলা পরিষদের সদস্যা। তাপসের কথায়, টিনা বিজেপির সঙ্গে মিলে চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে এইসব করেছেন। এদিকে টিনা পাল্টা জানান, কেউ যদি তাঁর (তাপস সাহা) বিরুদ্ধে চক্রান্ত করে থাকে, তবে তিনি কেন কোনও ব্যবস্থা নিচ্ছেন না।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে আগেই তাপস সাহার নাম জড়িয়েছিল। সরকারি দফতর ও স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এই ঘটনার তদন্তে নেমে সিআইডি তাঁর আপ্ত সহায়ককে গ্রেফতার করে।
অবসরের সাতবছর পর ধর্মঘটে অংশ নেওয়ায় শোকজের চিঠি পেলেন হুগলির শিক্ষক