
শেষ আপডেট: 20 April 2023 08:02
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি কাণ্ডের (Recriutment Scam) গোড়া থেকে তাপস মণ্ডল (Tapas Mondal) বলে আসছেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh) নাটের গুরু। বারাসতের সেই জাতীয় পুরস্কার পাওয়া প্রধান শিক্ষক তাপস বৃহস্পতিবার বিস্ফোরক দাবি করেছেন। এদিন আলিপুরের বিশেষ সিবিআই আদালত চত্বরে তাপস মণ্ডল বলেন, “আগে আমি বলেছিলাম ১০০ কোটির খেলা। এখন যেটা শুনছি, সেটা হল ৫০০ কোটি টাকার খেলা”। এখানেই থামেননি তাপস মণ্ডল। তাঁর কথায় “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম ভাঙিয়ে কুন্তল যে টাকা তুলেছে সেই টাকা হাওয়ালায় খাটাচ্ছে। জেলে বসে টাকা খাটাচ্ছে”।
তাপস মণ্ডলকে সাংবাদিকরা এও প্রশ্ন করেন যে, কুন্তল যে জেলের ভিতর অত্যাচারের কথা বলছেন, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ করছেন, সে ব্যাপারে আপনি কী বলবেন? জবাবে তাপস মণ্ডল বলেন, ‘আরে সব নাটক। ওর নাটক আপনারা জানেন না তো! শুধু দেখতে থাকুন। আরও অনেক নাটক দেখবেন।’
কুন্তলের টাকা খাটানো, তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়া ইত্যাদি নিয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়ও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। শান্তনু আর কুন্তল দু’জনেই বলাগড়ের ছেলে। কুন্তলকে একটা সময়ে ভাই বলেই পরিচয় দিতেন শান্তনু। সেই তিনি কুন্তল সম্পর্কে বলেছিলেন, ‘কুন্তল হাওয়ায় কথা ভাসিয়ে দিয়ে নিজের সব টাকা অন্য রাজ্যে পাচার করে দিচ্ছে।’
ইডি ইতিমধ্যেই দাবি করেছে, নিয়োগ দুর্নীতিতে অয়ন শীল সব মিলিয়ে সাড়ে তিনশো কোটি টাকা তুলেছিলেন। এদিন আবার তাপস বললেন, তাঁর হিসাব অনুযায়ী কুন্তল একাই ৫০০ কোটি টাকা তুলেছেন। তাও আবার অভিষেকের নাম নিয়ে।
একটা সময়ে তাপস মণ্ডল প্রায় দিন ইডি দফতরে নথি বগলদাবা করে যেতেন। তারপর বিভিন্ন নাম বলতেন। শান্তনু, কুন্তল, গোপাল দলপতি, কালীঘাটের কাকু—এই সব নামই তাপস জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে। তারপর সেই তাপসকেও গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি।
তাপস বরাবরই বলে আসছেন, কুন্তলের মতো ধূর্ত খুব কম লোক হয়। এদিনও তাঁর যা অভিযোগ তাতে কুন্তল জেলে বসেই নাকি বুক বাজিয়ে বলছেন, তাঁর টাকা হাওয়ালায় খাটছে।
তাপসের এ হেন অভিযোগ নিয়ে কেউ কেউ এও বলছেন, সবাই এখন যে যার মতো একটা করে কথা ভাসিয়ে দিচ্ছেন। সামগ্রিকভাবে গোটা তদন্তের অভিমুখ ঘুরিয়ে দিতে এই কৌশল সংগঠিত কি না সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ। এখন দেখার তাপসের এই দাবির পর ইডি নতুন কী পদক্ষেপ করে, বা আদালতে কিছু জানায় কি না।
কুন্তলের হাতে ঘামাচি, দু’হাত তুলে দেখালেন আংটি নেই, কটাক্ষ পার্থকে!