
শেষ আপডেট: 21 February 2023 15:47
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় গোপাল দলপতির মুখে শোনা গিয়েছিল ‘কালীঘাটের কাকু’র (Kalighater Kaku) কথা। গোপাল দাবি করেছিলেন, কুন্তল ঘোষ তাঁকে বলতেন, তাপস মণ্ডলকে তাড়াতাড়ি পেমেন্ট ক্লিয়ার করার কথা। কারণ, সেই টাকা নিয়ে কালীঘাটের কাকুর কাছে পৌঁছে দিতে হবে। এতদিন পর্যন্ত রহস্যে মোড়া ছিল সেই নাম। মঙ্গলবার তা কার্যত ফাঁস করে দিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডল (tapas Mondal)।
মঙ্গলবার তাপসকে মেডিক্যাল চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে বেরনোর সময়েই সাংবাদিকরা তাপসকে প্রশ্ন করেন, কালীঘাটের কাকু কে? জবাবে তাপস বলেন, ‘কুন্তলকে জিজ্ঞেস করুন। ও সব জানে।’ তখন ফের সাংবাদিকরা প্রশ্ন করেন, কালীঘাটের কাকু কে? আপনি কি তাঁকে টাকা দিয়েছিলেন? গাড়িতে বসে তাপস মণ্ডল বলেন, ‘নামটা জানি। সেটা বলতে পারি। নামটা হল সুজয় ভদ্র।’
তাহলে ব্যাপারটা কী দাঁড়াল?
তাপস মণ্ডল প্রথম কুন্তল ঘোষের নাম প্রকাশ্যে এনেছিলেন। ধরা পড়ার পর কুন্তল বলেছিলেন গোপাল দলপতির নাম। আবার গোপাল দলপতি ধরা পড়ার আগেই বলেছিলেন এই কালীঘাটের কাকুর কথা।
কালীঘাটের কাকুর প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘কালীঘাটে যখন ব্যাপারটা ঢুকে গেছে তখন খুব শিগগির এই কাকুর ভাইপো, সেই ভাইপোর পিসির নামও চলে আসবে। দাঁড়ান, আস্তে আস্তে সব হবে।’
এদিন যখন কালীঘাটের কাকুর নাম প্রথমবারের জন্য প্রকাশ্যে আনলেন তাপস মণ্ডল তখন কুন্তলের মুখে আবার শোনা গেল নতুন একটি নাম। নিজাম প্যালেসে ঢোকার সময়ে কুন্তল এদিন বিভাস অধিকারী বলে একজনের নাম বলেন। কে এই বিভাস অধিকারী? হাঁটতে হাঁটতে বলেন, ‘উনিও তাপস মণ্ডলের মতো একজন!’ বলেই লিফটে উঠে পড়েন।
সিবিআই ইতিমধ্যেই আদালতে দাবি করেছে নিয়োগ দুর্নীতি হয়েছে পিরামিড কাঠামোয়। একেবারে নীচে চাকরিপ্রার্থীরা, যাঁরা টাকা দিয়েছিলেন। তার উপরে সাব এজেন্ট। সাব এজেন্টদের মাথায় আবার ছিলেন এজেন্টরা। কেন্দ্রীয় এজেন্সি এই স্তর বিন্যাসে তাপস মণ্ডলকে এজেন্টদের মাথায় রেখেছিল। তাতে নাম ছিল তাপস মণ্ডলের। এদিন আবার সেই স্তরে আরও একটি নাম উঠে এল। তা হল বিভাস অধিকারী।
নিজাম প্যালেসে ঢোকার মুখে মঙ্গলবার কুন্তলকে এও প্রশ্ন করা হয়, বিভাস অধিকারীর মতো আরও কতজন রয়েছেন এই কাণ্ডে? তার অবশ্য কোনও জবাব দেননি কুন্তল ঘোষ।
ছাত্রের অভাবে ধুঁকছে চন্দননগরের নামী স্কুল, বাঁচাতে এগিয়ে এলেন প্রাক্তনীরা