
শেষ আপডেট: 24 April 2022 08:39
দ্য ওয়াল ব্যুরো: ঝালদার সদ্য নির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনার (Tapan Kandu Murder) তদন্ত করছে সিবিআই। তার মাঝেই নিহতের ছেলেকে খুনের হুমকি দেওয়া হল। যা নিয়ে নতুন করে আতঙ্কে তপন কান্দুর পরিবার।
আরও পড়ুন: মাওবাদী নিয়ে সুকান্তর দাবি খারিজ করে দিলীপ বললেন সবটাই 'নাটক'!
অভিযোগ, গতকাল বাজার থেকে ফেরার পথে তপন কান্দুর ছেলে দেব কান্দুকে হুমকি দেয় পাড়ারই ছেলে ভীম তেওয়ারি। ভীমের বিরুদ্ধে তপনের খুনে যুক্ত থাকার অভিযোগও করেছেন নিহত কাউন্সিলরের স্ত্রী (Tapan Kandu Murder)। অভিযোগ, শনিবার সকালে বাজারে গিয়েছিল দেব কান্দু। সেখান থেকে ফেরার পথে তার রাস্তা আটকায় স্থানীয় যুবক ভীম। দেবকে উদ্দেশ্য করে বলা হয়, ‘তপন শেষ, তোরা বেশি বাড়িস না, তোদেরকেও ছাড়ব না।’
এরপরই এই হুমকির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তপন কান্দুর পরিবার। তপনের স্ত্রী পূর্ণিমা কান্দু বলছেন, আমার স্বামীকে তো ওরা মেরেছে। এখন কি ওরা আমাদের সবাইকেই শেষ করে দিতে চায়? আমরা আতঙ্কে আছি।
পুরুলিয়ার ঝালদায় পুরসভা ভোটে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন তপন কান্দু। কিন্তু তার কিছুদিনের মধ্যেই এক রবিবারের সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয় সদ্য নির্বাচিত কাউন্সিলরকে। এই ঘটনায় সারা রাজ্যে তোলপাড় শুরু হয়। হাইকোর্ট তদন্তের ভার দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির হাতে। কিছুদিন আগে তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে। পুলিশের জেরার চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ।