এলজিবিটি কমিউনিটির হেনস্তা আটকাতে পুলিশ রুলে বদল আনল তামিলনাড়ু, বিস্তারিত জানুন
দ্য ওয়াল ব্যুরো: এলজিবিটি কমিউনিটির সদস্য এবং তাদের স্বার্থে কাজ করা সংস্থার লোকজনকে হেনস্তা করা হলে কড়া সাজার মুখে পড়তে হবে তামিলনাড়ু পুলিশকে। বুধবার এই মর্মে নির্দেশ জারি করেছে ওই রাজ্যের সরকার। তার আগে তামিলনাড়ু সাবঅর্ডিনেট পুলিশ আই
শেষ আপডেট: 18 February 2022 09:12
দ্য ওয়াল ব্যুরো: এলজিবিটি কমিউনিটির সদস্য এবং তাদের স্বার্থে কাজ করা সংস্থার লোকজনকে হেনস্তা করা হলে কড়া সাজার মুখে পড়তে হবে তামিলনাড়ু পুলিশকে। বুধবার এই মর্মে নির্দেশ জারি করেছে ওই রাজ্যের সরকার। তার আগে তামিলনাড়ু সাবঅর্ডিনেট পুলিশ আইন সংশোধন করেছে সরকার। তাতে বলা হয়েছে রূপান্তরকামী সহ এলজিবিটি কমিউনিটির মানুষদের হেনস্তা করার অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হলে সাসপেন্ড এমনকী চাকরি পর্যন্ত খোয়াতে হতে পারে অভিযুক্ত পুলিশকে।
দেশের সব রাজ্যেই পুলিশের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে এলজিবিটি কমিউনিটির মানুষজন এবং তাদের নিয়ে কাজ করা সংস্থাগুলির। গত বছর কলকাতায় একটি হোটেলে এই কমিউনিটির লোকজনের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে।
এ রাজ্যে রূপান্তকামীদের স্বার্থে কাজ করেন অভিনেত্রী সুজি ভৌমিক। তিনি নিজেও একজন রূপান্তরকামী। কলকাতা এবং রাজ্য পুলিশ সম্পর্কে তাঁর অভিজ্ঞতা খুবই খারাপ। তিনি বলেন, এখানে পুলিশকে নিয়ে সবচেয়ে বড় সমস্যা হল, তারা এলজিবিটি কমিউনিটির লোকজনকে যৌন কর্মী বলে ভুল করে। রাতে কাজকর সেরে ফেরার পথে সন্দেহের বশে থানায় নিয়ে যায়। তামিলনাড়ু সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, দক্ষিণের রাজ্যগুলি নাগরিক অধিকারের বিষয়ে বরাবর এগিয়ে। অন্য রাজ্যগুলির ওদের কাছ থেকে শেখা উচিত।

তামিলনাড়ুতে গত বছর সেপ্টেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়। দুই তরুণী বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই দুই তরুণীকে হেনস্তা করে বলে অভিযোগ। সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার জন্য চাপ দেয় পুলিশ। তারা হাইকোর্টের স্মরণাপন্ন হন।
আদালত সব দিক খতিয়ে দেখে তামিলনাড়ু সরকারকে নির্দেশ দেয় পুলিশ রুলে আলাদা করে এলজিবিটি কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করার ব্যবস্থা করতে।
কারণ সুপ্রিম কোর্ট ২০১৭- তে সংবিধানের ৩৭৭ নম্বর অনুচ্ছেদটি বাতিল করে দিয়েছে। ফলে একই লিঙ্গের প্রাপ্ত বয়স্ক দুজন স্বেচ্ছায় যৌন সম্পর্ক করলে তা অপরাধ বলে বিবেচিত হবে না।