
শেষ আপডেট: 30 August 2023 14:02
দ্য ওয়াল ব্যুরো: ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ধুপগুড়ি বিধানসভার উপ নির্বাচন (Dhupguri byelection)। উপ নির্বাচনের জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (30 company central force) মোতায়েন করার কথা বুধবারই জানিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হলেও ভোটের কাজে রাজ্যের কনট্রাকচুয়াল এমপ্লয়িদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu complains about use of contractual employees to commission)।
তবে পর্যাপ্ত ফোর্স আসায় বিজেপি চিন্তামুক্ত হল বলেও এদিন খোলামেলা জানিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, “আমরা চিন্তায় ছিলাম। ১৫ কোম্পানিতে ২৬০টি বুথ কভার হচ্ছিল না। তবে পঞ্চায়েতের মতো ভোট হবে না। ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার ফলে ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। ভোট হবে অবাধ ও শান্তিপূর্ণ।”
ধূপগুড়ির বিধায়ক ছিলেন বিজেপির বিষ্ণুপদ রায়। তাঁর অকাল মৃত্যুর কারণেই উপ নির্বাচন অনিবার্য হয়ে উঠেছে। একদা বাম দুর্গ ধূপগুড়িতে একুশের বিধানসভা ভোটে এক প্রকার মেরুকরণ হয়ে গিয়েছিল। লড়াই হয়েছিল তৃণমূল ও বিজেপির মধ্যে। বামেরা প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছিল সেখানে।
ধূপগুড়িতে এবার বিজেপি প্রার্থী করেছে পুলওয়ামা হামলায় শহিদ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে। এমনিতে উত্তরবঙ্গে বিজেপির সংগঠন দক্ষিণবঙ্গের তুলনায় মজবুত। তার উপর জাতীয়তাবাদের আবেগ উস্কে দিতে চাইছে গেরুয়া শিবির। অবশেষে কমিশন পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা জানানোয় বাড়তি ভরসা পাচ্ছে বিজেপি। শুভেন্দুর কথাতেই তা স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
আরও পড়ুন: যাদবপুর নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে শুভেন্দু, মামলা খারিজের হুঁশিয়ারি