
শেষ আপডেট: 19 January 2024 17:38
দ্য ওয়াল ব্যুরো: গতবছর ধুপগুড়ির উপ নির্বাচনের প্রচারে জলপাইগুড়ির ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ওই ঘোষণার জেরেই একুশের জেতা আসন উপ নির্বাচনে খোয়াতে হয়েছিল বলে ভোটের ফল প্রকাশের পর খোলামেলা স্বীকার করে নিয়েছিলেন পরাজিত বিজেপি প্রার্থী।
গত বৃহস্পতিবার ধুপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এ ব্যাপারে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে রাজ্য। এবার এ বিষয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর চ্যালেঞ্জ, "ক্ষমতা থাকলে ১ মাসের মধ্যে ধূপগুড়িতে মহকুমা প্রশাসন চালু করে দেখাক!" এদিন কোচবিহারের মেখলিগঞ্জে দলীয় সভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু। সেখান থেকেই রাজ্যকে এই চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি।
শুভেন্দুর অভিযোগ, উত্তরবঙ্গকে বারবরই বঞ্চিত করেছে তৃণমূল। এই ঘোষণাও 'ফাঁকা আওযাজ' বলে অভিযোগ করে শুভেন্দুর দাবি, "সামনে লোকসভা ভোট। তাই মানুষকে বিভ্রান্ত করতে এমন ঘোষণা।"
একদা বামেদের শক্তঘাঁটি হিসেবে পরিচিত ছিল ধূপগুড়ি। একুশের বিধানসভা নির্বাচনে অবশ্য এই আসন থেকে জয়ী হয় বিজেপি। সদ্য সমাপ্ত উপ নির্বাচনে বিজেপির জেতা আসন অবশ্য তৃণমূলের দখলে গিয়েছে। যার নেপথ্যে অভিষেকের ওই ঘোষণা রয়েছে বলেই মনে করা হচ্ছে।
যদিও শুভেন্দুর দাবি, "বিজেপির ধারাবাহিক আন্দোলনের ভয়েই ধুপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করা হয়েছে।" কিন্তু শুধু খাতায় কলমে মহকুমা ঘোষণা করলেই হবে না, ধুপগুড়িতে দ্রুত মহকুমা প্রশাসনের অফিস চালু করে প্রশাসনিক কাজকর্ম শুরু করারও দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।
একই সঙ্গে আগামী ২২ জানুয়ারি অয়োধ্যার রাম মন্দিরের উদ্বোধন প্রসঙ্গে এলাকার বাসিন্দাদের উদ্দেশে তাঁর পরামর্শ, "২২ জানুয়ারি সকালে রামের পুজো পাঠ করুন, দুপুরে প্রসাদ বিলি এবং সন্ধেয় দীপাবলির উৎসব করতে হবে।" শুভেন্দুর সঙ্গে সহমত জানান সভায় উপস্থিত মানুষজন।