
শেষ আপডেট: 23 July 2023 10:22
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এক জোট হয়েছে বিরোধীরা দলগুলি। বেঙ্গালুরু (Bangalore) বৈঠকে ঠিক হয়ে গেছে এই বিরোধী জোটের নামও। এনডিএ বনাম ইন্ডিয়া লড়াই দেখবেন দেশবাসী। ২০২৪-এর লড়াইয়ে বাংলা নিয়ে তুমুল আশাবাদী বিজেপির নেতৃত্ব। এ রাজ্য থেকে অন্তত ৩০টি আসন প্রতাশ্যা করছে তারা। সেই মতো রাজ্যের সংগঠনও ঢেলে সাজার উদ্যোগ শুরু হয়েছে বলে খবর।
রবিবার দিল্লি যাচ্ছেন সুকান্ত। শুভেন্দু এবং অমিতাভ যাবেন সোমবার। বিজেপি সূত্রের খবর, সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং প্রাক্তন সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের এই শীর্ষ তিন নেতাকে তলব করেছেন। বৈঠকে থাকতে পারেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও।
পঞ্চায়েত নির্বাচনে আশানরূপ ফল হয়নি বিজেপির। একুশের বিধানসভা নির্বাচন থেকে প্রায় ১৫ শতাংশ মতো ভোট কম পড়েছে বিজেপির বাক্সে। ফল নিয়ে একাধিক পর্যালোচনা বৈঠক করেছে বঙ্গ বিজেপি। এবার দিল্লিতে ডাক পড়ল সুকান্ত-শুভেন্দুদের।
ক’দিন ধরেই রাজ্য পার্টিতে জল্পনা আছে, বিরোধী দলনেতার পাশাপাশি রাজ্য সভাপতির পদেও শুভেন্দুকে বসাতে চান অমিত শাহ। জেপি নাড্ডা জাতীয় সভাপতি হলেও অবিজেপি শাসিত রাজ্যগুলির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে শাহের মতামত গুরুত্ব পেয়ে থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি রাজ্যগুলির বাস্তব রাজনৈতিক পরিস্থিতি জানতে পারেন নানা গোয়েন্দা রিপোর্টের সুবাদে। শুভেন্দুর সঙ্গে শাহের এখন সম্পর্ক বেশ মধুর। পঞ্চায়েত নির্বাচনে আধা সেনা মোতায়েন নিয়ে আইন-আদালত করার আগে তিনি শাহের সঙ্গে কথা বলেছিলেন। রাজি করিয়েছিলেন যাতে কেন্দ্র আধা সেনা মোতায়েন বাবদ কোনও অর্থ দাবি না করে।
সূত্রের খবর, সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বসবেন শুভেন্দুরা। সেই বৈঠকেই থাকতে পারেন অমিত শাহও। পঞ্চায়েত ভোটের পর্যালোচনার পাশাপাশি লোকসভা নির্বাচন নিয়েও আলোচনা হবে বৈঠকে। বাংলায় সংগঠন মজবুত করতে কী কী পদক্ষেপ করা হবে, তার রূপরেখাও তৈরি হতে পারে।
আসন্ন লোকসভা নির্বাচনে আসন সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়েছেন সুকান্তরা। তাঁদের দাবি, এবার বাংলা থেকে পদ্ম ফুলের টিকিটধারী ৩০ জনের বেশি সংসদে যাবেন। রাজ্য বিজেপির একাংশের কথায়, সেই লক্ষ্যপূরণ করতে বিজেপির নীচু স্তরের সংগঠন আরও দৃঢ় করতে হবে। এমনকী সাংগঠনিক স্তরেও রদবদলের প্রয়োজন রয়েছে। মনে করা হচ্ছে, সোমবারের বৈঠকে সেইসব বিষয় নিয়েই আলোচনা হবে।
সারদা কেলেঙ্কারি: ‘আসুন যৌথ জেরায় অংশ নিই’, শুভেন্দুকে খোলা চ্যালেঞ্জ কুণাল ঘোষের