
শেষ আপডেট: 11 May 2023 08:16
দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikaris Convoy Case) কনভয়ের একটি গাড়ির ধাক্কায় চণ্ডীপুরে এক যুবকের মৃত্যুর ঘটনায় তদন্তভার গিয়েছে সিআইডির কাছে। বৃহস্পতিবার সেই মামলায় আদালত নির্দেশ দিল, আগামী বুধবার এই মামলার ফের শুনানি হবে। তার আগে সিআইডি কাউকে তলব করতে পারবে না।
সেইসঙ্গে একাধিক নথি ও হলফনামা চেয়েছে আদালত। আগামী শুনানির দিন কেস ডায়েরি জমা দিতে হবে পুলিশকে। সিআরপিএফেরও পৃথকভাবে হলফনামা আকারে রিপোর্ট চেয়েছেন বিচারক।
যে রাফ ড্রাইভিংয়ের অভিযোগ উঠেছে তা কীভাবে জানা গেল তাও জানতে চেয়েছে কোর্ট। এই মর্মেই মূলত সিআরপিএফের রিপোর্ট চেয়েছে আদালত। এদিন রাজ্যের তরফে বলা হয়, কনভয়ের সামনে রাজ্য পুলিশের লিড মোবাইল ভেহিকেল থাকে। সেই গাড়িতে সিকিউরিটি লিয়াজো অফিসার দায়িত্বে থাকেন। গাড়ির গতি, গোটা রাস্তায় নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয়ে তিনিই পুলিশের সঙ্গে সমন্বয় করেন। কিন্তু ২০২১-এর জুন থেকে সেই লিড মোবাইল বন্ধ করে দেওয়া হয় শুভেন্দুর তরফে।
এই প্রেক্ষিতে আদালত বলে, বিরোধী দলনেতার নিরাপত্তার প্রোটোকল মানা হচ্ছে কি না সে ব্যাপারে আদালত চিন্তিত। নিরাপত্তা নিয়ে যা বলা হচ্ছে, সেটা হলফনামা দিয়ে জানাক রাজ্য।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম, উপস্থিত রাজ্যপাল, মুখ্যমন্ত্রী