
শেষ আপডেট: 2 May 2023 09:30
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: বুথ সভাপতি খুনের (BJP booth president) প্রতিবাদে ময়নায় বুধবার ১২ ঘণ্টা বনধের ডাক দিল বিজেপি। মঙ্গলবার সকালে ময়না থানা (Moyna) এলাকার বাকচায় রাস্তা থেকে বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার দেহ উদ্ধার হয়। মাথায় ভারী কিছু দিয়ে মেরে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। সোমবার সন্ধ্যা ৬ টা নাগাদ ময়না থানার বাকচা অঞ্চলের গোড়ামোহল এলাকার বুথ সভাপতি বিজয় ভুঁইয়াকে অপহরণ করা হয় বলে বিজেপির অভিযোগ।
এদিন বিজয়বাবুর মৃতদেহ উদ্ধারের খবর ছড়াতেই তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয় ময়নায়। থানা থেকে এক কিলোমিটার দূরে তেমাথানি মোরে রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। দুপুর সাড়ে বারোটা নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ময়নার তেমাথানির অবরোধস্থলে এসে পৌঁছন (Suvendu Adhikari wants CBI investigation)। প্রায় ৪৫ মিনিট তিনি বক্তব্য রাখেন। ঘটনার সিবিআই তদন্ত দাবি করেন। সকাল থেকে প্রায় চার ঘণ্টা ধরে অবরোধ চলার কারণে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা। দুপুর একটা নাগাদ অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেন শুভেন্দু। এরপরেই ময়নায় বুধবার বনধের ডাক দেন তিনি। পাশাপাশি কাঁথি সাংগঠনিক জেলা, তমলুক সাংগঠনিক জেলার ১০০ টি পয়েন্টে জমায়েত করে বিক্ষোভ অবরোধ চলবে বলে ঘোষণা করেন শুভেন্দু।
একই সঙ্গে জেলার এসপি অমরনাথের সামনেই অভিযুক্ত তৃণমূল নেতাদের শেষ দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু। এ বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
শুভেন্দুর ভাইয়ের মামলায় স্বস্তিতে কুণাল, অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের