
শেষ আপডেট: 10 December 2022 14:12
দ্য ওয়াল ব্যুরো: রবিবার টেট (TET Exam 2022)। তার আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Gautam Pal) খোলাখুলিই জানিয়েছেন যে, তাঁরা বিক্ষিপ্ত গন্ডগোলের আশঙ্কা করছেন। কারা অশান্তি পাকাতে পারে, তাও তাঁরা আন্দাজ করতে পারছেন। এ ব্যাপারে একটা চক্রান্ত চলছে বলেও তাঁর অভিযোগ।
শনিবার সন্ধেয় পর্ষদ সভাপতি এই ‘গন্ডগোলের’ আশঙ্কা প্রকাশের প্রায় পর পরই সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) টেট নিয়ে মুখ খুললেন। বিরোধী দলনেতা প্রথমে বলেন, টেট নিয়ে কোনও মন্তব্য করছি না। বিজেপি পরীক্ষায় বাধা দেয় না। তবে তাঁর দাবি, তাঁরা ফোন পাচ্ছেন প্রশ্ন ফাঁসের ব্যাপারে। শুভেন্দুর কথায়, “আমাদের আশঙ্কা আছে। বহু জায়গা থেকে ফোন আসছে যে প্রশ্ন বলে দেওয়া হবে। ১০ লক্ষ টাকার কনট্রাক্ট। ৫ লক্ষ টাকা অ্যাডভান্স দিলে প্রশ্ন আজকেই বলে দেওয়া হবে। সেই প্রশ্ন লিখতে পারবেন (পড়ুন প্রশ্নের উত্তর লিখতে পারবেন)। পরে আরও ৫ লক্ষ টাকা পেমেন্ট করতে হবে”।
পর্যবেক্ষকদের অনেকের প্রশ্ন হল, সত্যিই কি শুভেন্দুরা ফোন পাচ্ছেন? নাকি ইচ্ছাকৃতভাবে টেট নিয়ে অনাস্থার পরিবেশ তৈরি করা হচ্ছে? তা হলে কি প্রাথমিক পর্ষদ সভাপতি এই গন্ডগোলের আশঙ্কাই প্রকাশ করেছেন?
টেটে প্রশ্ন ফাঁস হবে কে বলল? ‘গন্ডগোলের আশঙ্কার’ মধ্যে রবিবার পরীক্ষায় বসবে পর্ষদ, সরকারও
শুভেন্দুর এই মন্তব্য নিয়ে তৃণমূল দলীয় তরফে এদিন কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে তৃণমূলের এক রাজ্য নেতা বলেন, অতীতে টেটে অনিয়ম হয়েছে এ নিয়ে সন্দেহ নেই। কিন্তু হাইকোর্টের উপর্যুপরি পর্যবেক্ষণের পর প্রাথমিক পর্ষদ ও সরকার এবারের পরীক্ষা নিয়ে খুব সতর্ক। পর্ষদ চাইছে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা পরিচালনা করতে। তাতে পর্ষদ সফল হলে বিজেপির রাজনীতি করার সুযোগ পাবে না। তাই তারা চাইছে যেনতেন প্রকারে একটা অনাস্থা তৈরি করতে। তাতে লক্ষ লক্ষ পরীক্ষার্থী বিপন্ন হলেও ওদের যায় আসে না।
এদিন গৌতম পাল দাবি করেছেন, পর্ষদ এবারের টেট ত্রুটিমুক্ত রাখতে যথাসাধ্য করছে। পরীক্ষা কেন্দ্র সর্বোচ্চ স্তরের নজরদারি থাকবে। সেই সঙ্গে পর্ষদের অফিসে কন্ট্রোল রুমে খুলে প্রতিটা পরীক্ষা কেন্দ্রের উপর নজরদারি চালানো হবে। তা ছাড়া পর্ষদ সভাপতি হুঁশিয়ারি দিয়ে এও জানিয়েছেন, কেউ যদি টেট নিয়ে কোনও ভুয়ো কিছু ছড়ানোর চেষ্টা করে তা হলে আইনানুগ ব্যবস্থা নেবে পর্ষদ।