
শেষ আপডেট: 2 May 2022 15:49
দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি উপলক্ষে সোমবার কলকাতায় মিছিল করেছে বিজেপি (BJP)। সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে ওই মিছিল শুরু হয়। শেষ হয় রানি রাসমণি রোডে। পুলিশের আশঙ্কা সত্ত্বেও মিছিল শান্তিপূর্ণ ছিল। পরে বিজেপির একটি সভা হয়। সভায় একে একে বক্তব্য পেশ করেন অগ্নিমিত্রা পাল, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সুকান্ত মজুমদার। আগামীকাল ইদ। বিজেপির বক্তাদের কেউই ইদের শুভেচ্ছা জানাননি। ব্যতিক্রম শুভেন্দু। তবে শুভেচ্ছা জানাতে গিয়ে আমরা-ওরাও করলেন তিনি।
আরও পড়ুন: সুন্দরবনের খাঁড়িতে মৎস্যজীবীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল বাঘ! কাঁকড়া ধরতে গিয়েই বিপত্তি
এদিন মঞ্চ থেকে শুভেন্দুর (Suvendu Adhikari) কথায়, 'কাল ইদ। রাষ্ট্রবাদী মুসলিমদের জানাই ইদের শুভেচ্ছা।'
বিজেপি বরাবরই মুসলিমদের দুই দৃষ্টিতে দেখে আসছে। রাষ্ট্রবাদী মুসলিম বলে হিন্দুত্বের প্রতি অনুগত হিসেবে তুলে ধরার চেষ্টা করে তারা। বিজেপি সরকারের জমানায় পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত এক মুসলিম শিক্ষকের নাম করে বলেন, ওঁর মতো মুসলিমদের ইদের শুভেচ্ছা জানাই।
ইদের শুভেচ্ছা জানানোর রেওয়াজ বিজেপিতে নেই বললেই চলে। শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন, বিভিন্ন ইফতারের অনুষ্ঠানে বা মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন কর্মসূচিতে দেখা যেত তাঁকে।