
শেষ আপডেট: 19 June 2023 09:07
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালুবাবু। দু’জনে পৃথক পিটিশন দাখিল করেছেন।
শুভেন্দু ও ডালুবাবুদের বক্তব্য হল, কলকাতা হাইকোর্টের নির্দেশ মানেনি রাজ্য নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছিল, ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আনতে হবে। তা হয়নি। একইসঙ্গে মনোনয়ন, স্ক্রুটিনি পর্বে যে ভিডিওগ্রাফির নির্দেশ দিয়েছিল তাও কার্যকর করেনি রাজ্য নির্বাচন কমিশন। শুভেন্দু ও ডালুবাবুরা এটিকে আদালত অবমাননা হিসাবে দেখাতে চেয়েছেন।
যদিও হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য নির্বাচন কমিশন। সেখানে তারা বলেছে, আদালত কমিশনের কথা না শুনেই নির্দেশ দিয়েছে। কমিশন স্পর্শকাতর বা অতিস্পর্শকাতর বুথের তালিকাই প্রকাশ করেনি। আদালত প্রথম নির্দেশেই স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দিয়েছিল। পরে যখন পুনর্বিবেচনার আর্জি জানানো হয় তখন গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট করানোর ব্যাপারে নির্দেশ দিয়ে দেওয়া হয়। আগামীকাল মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।
এদিন এই জোড়া পিটিশন গ্রহণ করে মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এখন দেখার কী হয় সুপ্রিম কোর্টে, কীই বা হয় আদালত অবমাননার মামলার শুনানিতে।
সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার শুনানি কাল, কংগ্রেসের কৌস্তভকে ধমক বিচারপতির