
শেষ আপডেট: 6 May 2022 03:24
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের ছাত্রী খুনের ঘটনায় (Sutapa Murder) তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। ঘাতক সুশান্ত চৌধুরীর একের পর এক কীর্তির কথা জেনে রীতিমতো চমকে উঠছেন তদন্তকারীরা। সেই সঙ্গেই বাড়ছে নিহত ছাত্রী সুতপা চৌধুরীর পরিবারের হাহাকার। একটু আগে সচেতন হলে, পুলিশকে জানালে, ছেলেটিকে উচিত শিক্ষা দিলে কি এড়ানো যেতে পারত এই মর্মান্তিক কাণ্ড!
সুতপার বাবা-মা পুলিশকে জানিয়েছেন, আচমকা রাগের মাথায় খুনের ঘটনা বলে মানতে তাঁরা রাজি নন। কারণ সুতপাকে নিয়মিত হুমকি দিত সুশান্ত। এমনকি সুতপার মা পাপুলিও পেতেন খুনের হুমকি! এমনকি সুতপা অনেকবার বাবা-মাকে বলেছিলেন সুশান্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাতে। কেন সময়ে তা করা হয়নি, এই ভেবে মাথা কুরছেন সুতপার বাবা।
সুতপার বাবা, পেশায় স্কুলশিক্ষক স্বাধীন চৌধুরী জানিয়েছেন, সুশান্তর বাবা যেহেতু পুলিশকর্মী, তাই তাঁরা সুশান্তর বিরুদ্ধে পুলিশে যেতে সাহস পাননি। ভেবেছিলেন, জামিন পাওয়ার পরে উল্টো প্রতিক্রিয়া হবে। কিন্তু শেষরক্ষা তো হল না। এসবের আগেই ঘটে গেল চরম প্রতিক্রিয়া। প্রাণ চলে গেল মেয়ের (Sutapa Murder)।
সুতপার মা পাপুলি চৌধুরী জানিয়েছেন, ফোনে প্রায়ই উত্ত্যক্ত করত সুশান্ত। খুনের হুমকি দিত মেয়েকে। তাঁকেও বলত, 'দেখে নেবে।' তখনই যদি পুলিশে অভিযোগ করা হতো, তাহলে হয়তো এড়ানো যেত এত বড় কাণ্ড! যদিও কী হলে কী হতো, তা আর ভেবে পাচ্ছেন না সুতপার মা-বাবা। তাঁদের এখন একটাই দাবি। ফাঁসি হোক খুনি সুশান্তর।
পুলিশ জানিয়েছে, রীতিমতো ঠান্ডা মাথায় 'প্রেমিকা'কে মারার ছক সাজিয়েছিল (Sutapa Murder) সুশান্ত। মাস তিনেকের জন্য বহরমপুরে একটি মেস ভাড়া নিয়ে থাকছিল সে। মেসমালিককে পড়াশোনার ব্যাপারে মিথ্যে কথা বলে ভাড়া নিয়েছিল। একটি ব্যাগ সঙ্গে ছিল তার, চৌকির উপর পাতার বিছানাপত্রও ছিল না। এভাবেই বহরমপুরে থেকে সে নজর রাখছিল সুতপার গতিবিধির ওপর।
সোমবার সন্ধেয় ঘর থেকে বেরিয়ে, নির্দিষ্ট একটি চায়ের দোকানের সামনে বসে সুতপার জন্য অপেক্ষা করছিল সে। জানত, ওই পথ দিয়েই মেসে ফিরবে সুতপা। হয়ও তাই। সন্ধেয় যখন সুতপা ফিরছে, তখন তাকে ডাকে সুশান্ত। তার পরেই নৃশংস খুন। এর পরে টোটোয় করে নিজের মেসে ফিরে, ঠান্ডা মাথায় পোশাক বদলে মেসমালিককে জানায় ঘর ছেড়ে দেওয়ার কথা। চলে যায় এলাকা ছেড়ে।
কলকাতায় আজও ঝড়বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া! সাইক্লোন ঘনাচ্ছে বঙ্গোপসাগরে, জেনে নিন বিস্তারিত