
শেষ আপডেট: 27 July 2023 02:51
দ্য ওয়াল ব্যুরো: জন্ম থেকেই যোনি ছিল না। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তাই ঋতুস্রাব শুরু হয়নি (Suri hospital made Artificial Vagina of teenage girl)। কিশোরীকে মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় হাসপাতালের দোরে দোরে ঘুরেছেন মা-বাবা। শেষে পথ দেখালেন বীরভূমের সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমের ডাক্তারবাবুরা। কৃত্রিম যোনিপথ (Artificial Vagina) তৈরি করে মেয়েটির নতুন জীবন দিয়েছেন ডাক্তাররা।
মেয়েটির পরিবার জানিয়েছে, ১৭ বছর ধরে বিভিন্ন জায়গায় ঘুরেছেন তাঁরা। কখনও গেছেন বর্ধমান, কখনও আসানসোল আবার কখনও কলকাতা। কিন্তু কোনও সুরাহা হয়নি। বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরেও হতাশ হয়ে ফিরে আসতে হয়েছে নাবালিকা ও তার পরিবারকে। ঠিক সেই সময় গ্রামেরই এক প্রতিবেশীর কাছে জানতে পারেন সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমের কথা। প্রায় নিরাশ হয়েই সিউড়ি এসেছিলেন তাঁরা। কিন্তু এখানে এসেই মুখে হাসি ফোটে বীরভূমের ওই পরিবারের।
দীর্ঘ দু'মাসের চিকিৎসা ও অস্ত্রোপচারে কিশোরীর যোনিপথ (Artificial Vagina) তৈরি করেন ডাক্তাররা। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. দেবাশিস দেবাংশীর তত্ত্বাবধানে ওই অসাধ্য সাধন হয়। গত জুন মাসে অপারেশন হয়েছিল নাবালিকার। ডাক্তারবাবু জানিয়েছেন, প্রায় তিন ইঞ্চি গভীরতার যোনিপথ তৈরি হয়েছে। এখন স্বাভাবিকভাবেই ঋতুস্রাব হবে কিশোরীর।
ডা. দেবাশিস বলছেন, "মেয়েটি আমার কাছে 'অ্যাবসেন্ট ভ্যাজাইনা ( ভ্যাজাইনাল অ্যাডেনোসিস) নিয়ে এসেছিল। ডাক্তারি পরিভাষায় যার নাম ' মেয়ার রকিট্যানস্কি কুস্টার হাউসার সিন্ড্রোম বা এম. আর. কে. এইচ সিন্ড্রোম, যা খুব কম জনের দেখা যায়। প্রতি পাঁচ হাজার জনের মধ্যে একজনের এমন হতে পারে। এক্ষেত্রে রোগীর গর্ভাশয় প্রায় থাকে না বললেই চলে। যোনিপথ থাকে না, তবে জরায়ু ও টিউবগুলো থাকে। এই কারণেই আধুনিক পদ্ধতিতে মেয়েটির যোনিপথ কৃত্রিমভাবে তৈরি করতে হয়েছে।" ডাক্তারবাবু বলছেন, এই পদ্ধতি খুবই জটিল ও ঝুঁকিপূর্ণ। সচরাচর সব নার্সিংহোমে করা হয় না। এমন অপারেশন করতে গেলে আগে মোল্ড তৈরি করতে হয়। সে জন্য আরও একজনের অপারেশন করতে হয়। সেটা করে যোনির মাপে মোল্ড তৈরি করা হয়। তারপর ধাপে ধাপে সার্জারি চলে। ডা. দেবাশিস বলছেন, দেড়মাস আগে অপারেশন হয়েছে। এতদিনে যোনিপথের গভীরতা তিন ইঞ্চি হয়েছে। তাই এই অপারেশনকে সফলই বলা চলে। তবে ভবিষ্যতে মেয়েটির যৌনজীবন স্বাভাবিক হলেও গর্ভে সন্তানধারণ করতে পারবে না বলেই জানিয়েছেন তিনি। সারোগেসির মাধ্যমে মা হওয়া যাবে।
আরও পড়ুন: কৃত্রিম যোনি-জরায়ু তৈরি করল কাটোয়া মহকুমা হাসপাতাল, ভ্যাজাইনোপ্লাস্টিতে বড় সাফল্য রাজ্যে