দ্য ওয়াল ব্যুরো: সালানপুরের কল্যাণেশ্বরী অঞ্চলের একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন খোদ বলিউড অভিনেতা সুনীল শেট্টি! অভিযোগ, সংস্থার ব্যানারে বিনা অনুমতিতে বেআইনি ভাবে ব্যবহার করা হচ্ছিল সুনীল শেট্টি ও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের ছবি। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানতে পেরে এই অন্যায়ের বিরুদ্ধে সক্রিয় হন সুনীল শেট্টি নিজে। রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশকুমার জৈনের নির্দেশে তদন্ত করে সংস্থার ব্যানারগুলি বাজেয়াপ্ত করা হয়।
জানা গেছে, গত কয়েক বছর ধরেই কল্যানেশ্বরী অঞ্চলের সংগঠন 'সন্তোষ হিউম্যান রাইটস এন্ড জনকল্যাণ ফাউন্ডেশন' তাদের ব্যানারে ও পোস্টারে বলিউড জগতের বিখ্যাত অভিনেতা রাজা মুরাদ, আবতার গিল, রাকেশ বেদি, মঙ্গল ধিঁলো, সুরেন্দ্র পাল সিং, অভিনেত্রী দীপশিখার ছবি ব্যবহার করছিল। ছিল সুনীল শেট্টির ছবিও। জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের ছবি দেখিয়ে যুব সমাজের কাছে মোটা অঙ্কের অর্থ নিয়ে সংগঠনের যুক্ত হওয়ার প্রলোভন দেওয়া হতো বলে অভিযোগ।

সুনীল শেট্টির দফতর থেকে ছবি ব্যবহার নিয়ে অভিযোগ এসে পৌঁছনোর পরেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার কার্যালয় থেকে এ বিষয়ে পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয় সালানপুর থানার ইনচার্জ পবিত্র কুমার গাঙ্গুলি ও কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাসকে। তদন্তে নেমে তাঁরা লেফ্ট ব্যাঙ্ক মোড়, মাইথন ড্যাম, মজুমদার নিবাসের সামনে থেকে সংস্থার একাধিক ব্যানার বাজেয়াপ্ত করেন। এর পরে ফাউন্ডেশনের সভাপতি সন্তোষকুমার পাণ্ডেকে সালানপুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়।

বিনা অনুমতিতে কেন সুনীল শেট্টি ও অন্যান্য অভিনেতাদের সংস্থার মুখ করা হয়েছে সে বিষয়ে প্রশ্ন করলে সভাপতি সন্তোষকুমার জানান, 'অ্যান্টি কোরাপশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া' নামক বেসরকারি সংস্থার সভাপতি নরেন্দ্র অরোড়ার কথায় তিনি নাকি সুনীল শেট্টির চিত্র ব্যবহার করেছেন। এমনটা যাতে আর না হয় সে বিষয়ে লিখিত মুচলেকা নিয়ে এবং সমস্ত ব্যানার সরানোর নির্দেশ দিয়ে ছেড়ে দেওয়া হয় সভাপতিকে।
বলিউড অভিনেতা সুনীল শেট্টির মিডিয়া ম্যানেজার বিজয় গ্রোভার জানান, অভিনেতার অনুমতি ছাড়া তাঁর ছবি লাগানো নিয়ে 'অ্যান্টি কোরাপশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া' নামক বেসরকারি সংস্থার সভাপতি নরেন্দ্র অরোড়াকে এর আগেও নোটিস দেওয়া হয়েছে।

কিন্তু আরও একটি সংস্থায় ছবি ব্যবহার দেখে সুনীল শেট্টি নিজে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারকে অভিযোগ করেন। সুনীল শেট্টির অগণিত ভক্ত-অনুগামী। কেউ যাতে বিভ্রান্ত না হয়, কোনও ভাবে যাতে তাঁর ছবির অপপ্রয়োদ না হয়, সে জন্য তিনি সক্রিয়। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ যে এত দ্রুত পদক্ষেপ করেছে, সে বিষয়ে অভিনন্দন জানান তিনি।