দ্য ওয়াল ব্যুরো: করোনা আতঙ্কে ঘরবন্দি সারা দেশ। বাঙলাও ব্যতিক্রম নয়। এরই মধ্যে এসে গিয়েছে ২৫ বৈশাখ, রবিঠাকুরের জন্মজয়ন্তী। প্রতিবছর যে নাচে-গানে-উৎসবে এই দিনটি পালিত হয়, এবার সে সবকিছুর উপরে একরাশ বিধিনিষেধ। না করা যাবে জমায়েত, না বাঁধা যাবে মঞ্চ।
তাই বলে কি ভাটা পড়বে 'ঠাকুর'পুজোয়? জন্মজয়ন্তীতে চর্চা হবে না তাঁর শিল্প নিয়ে? তা কখনওই হতে পারে না। তাই অভিনব উপায় বার করেছে 'সুন্দরবন চর্চা'। সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপগুলিতে বসবাসকারী ছাত্র-ছাত্রীদের নিয়ে রবীন্দ্র প্রণামের অভিনব আয়োজন করল সুন্দরবন বিষয়ক এই বাংলা ত্রৈমাসিক পত্রিকাটি।
'শুধু সুন্দরবন চর্চা' পত্রিকার সম্পাদক জ্যোতিরিন্দ্রনারায়ণ লাহিড়ী জানিয়েছেন "পত্রিকা প্রকাশের পাশাপাশি সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলিতে গত এক দশক ধরে ছোট ছোট সামাজিক কাজ করার সুবাদে বহু অভিভাবকদের সাথে গড়ে উঠেছে নিবিড় সম্পর্ক৷ তাঁরাই তাঁদের ছেলে মেয়েদের নাচ,গান,আবৃত্তির চলমান ছবি তুলে পাঠিয়েছেন সুন্দরবনের নানা গ্রাম থেকে৷ সেই সব উপস্থাপনের মালা গেঁথেই এই রবীন্দ্র প্রণাম৷"
পত্রিকার সম্পাদক মণ্ডলীর অন্যতম উপদেষ্টা সুন্দরবনের বাসিন্দা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ডক্টর বরেন্দু মণ্ডল জানিয়েছেন "প্রতি বছর এই সময়ে ২৫ বৈশাখকে সামনে রেখে প্রতিটি স্কুল কলেজে ছোট বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এ বছর লক ডাউনের জন্য স্কুলের সঙ্গে সঙ্গে সে সবও বন্ধ৷ তার পরেও সুন্দরবন চর্চার এই উদ্যোগ গ্রহণে কয়েকজন অন্তত রবীন্দ্র চর্চায় আগ্রহী হয়েছে, এটাই বড় প্রাপ্তি৷"
এই অনুষ্ঠানে অংশ নিয়েছে মৌসুনি, সাতজেলিয়া, গোবর্ধনপুর, কাকদ্বীপ, নামখানা, গোসাবা প্রভৃতি সুন্দরবন অঞ্চলের বিভিন্ন দ্বীপের ছেলে মেয়েরা৷ তারা সকলেই নিজেদের মতো করে উদযাপন করেছে রবীন্দ্রজয়ন্তী। নাচ বা গান বা আবৃত্তি-- যে যা পারে তাই দিয়েই নিজেদের মেলে ধরেছে ক্যামেরার সামনে। সেগুলি জুড়েই তৈরি হয়েছে দুর্দান্ত এক ভার্চুয়াল অনুষ্ঠান।
দেখুন সেই অনুষ্ঠানের ভিডিও।
https://www.facebook.com/TheWallNews/videos/919190255170358/?eid=ARD6Gs2HUWp96iEot0KazrItE-U1bU4i3Du4IhVHGmrEJg6rRcDjEKki-thUBQpOL-Fn50dN5Ldtgp5z
করোনার ভয়াল সংক্রমণকে রুখতে সামাজির দূরত্বই যখন অস্ত্র, সারা দেশ জুড়ে ঘরবন্দি থাকার নিদান জারি রয়েছে, তখন কোনও নিয়ম না ভেঙেই রবীন্দ্রজয়ন্তী পালন করল সুন্দরবন। দেখিয়ে দিল, এমনটাও সম্ভব। অন্য ভাবনা এবং অনন্য পরিবেশনে অভিনব এ অনুষ্ঠান যেন লকডাউনের সময়ে রবীন্দ্রনাথকে মনে করার, তাঁর জন্মদিন উদযাপন করার এক অভিনব প্রয়াস।
(কভার ইমেজ এঁকেছেন শিল্পী স্মিতা দাশগুপ্ত)