দ্য ওয়াল ব্যুরো: দায়িত্ব ছাড়লেন অ্যালফাবেটের প্রধান ল্যারি পেজ এবং প্রেসিডেন্ট সার্গেই ব্রিন। নতুন সিইও সুন্দর পিচাই। গুগলের পাশাপাশি এবার থেকে অ্যালফাবেটের দায়িত্বও তুলে দেওয়া হল ভারতীয় প্রযুক্তিবিদের হাতেই।
গুগল নতুন করে সেজেছিল সেই ২০১৫ সালেই। জন্ম হয়েছিল অ্যালফাবেটের। ভারতীয় প্রযুক্তিবিদ সুন্দর পিচাই হয়েছিলেন গুগলের সিইও। অ্যালফাবেটের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ল্যারি, প্রেসিডেন্ট হয়েছিলেন সার্গেই ব্রিন। গুগল ঘোষণা করেছিল তার সব সংস্থাই চলে আসবে অ্যালফাবেটের ছাতার তলায়। স্টক এক্সচেঞ্জেও গুগলের নাম বদলে যাবে। গুগল প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিনের অধীনে থাকা অ্যালফাবেটেরই প্রধান শাখা হবে গুগল। যার আওতায় থাকবে অ্যান্ড্রয়েড, সার্চ, অ্যাড (বিজ্ঞাপন), ইউটিউব, ম্যাপের মতো ব্যবসা।
গুগলের প্রধান থাকার সময় আগেও একবার দায়িত্ব ছেড়েছিলেন ল্যারি পেজ, সেটা ২০০১ সালে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল এরিক স্কমিডিটকে। ১০ বছর পরে আবার ফিরে আসেন ল্যারি। অ্যালফাবেটের প্রধান ল্যারি পেজ ও প্রেসিডেন্ট সার্গেই ব্রিন দু’জনেই বিবৃতি দিয়ে বলেছেন, “দীর্ঘ সময় ধরে গুগল ও অ্যালফাবেটের দায়িত্ব সামলেছি আমরা। বোর্ডের সদস্য, শেয়ার হোল্ডার, কো-ফাউন্ডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, বৈঠক করেছি। এবার এই সবকিছুই করবেন সুন্দর পিচাই। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ রাখব।”
অ্যালফাবেটের অধীনে আছে গুগল এক্স, নেস্ট, গুগল ফাইবার, ক্যালিকো, লাইফ সায়েন্স এবং গুগল ফাইবার। স্বয়ংক্রিয় গাড়ি, ডেলিভারি ড্রোন, ইন্টারনেট বেলুন-এর মতো ব্যবসাগুলি দেখে গুগল এক্স। স্মার্ট থার্মোস্ট্যাট-এর ব্যবসা দেখে নেস্ট। গুগল ফাইবার-এর অধীনে আছে ব্রডব্যান্ড পরিষেবার ব্যবসা। এখন থেকে এইসব কিছুরই দায়িত্ব সামলাবেন সুন্দর পিচাই।
ভারতীয় বংশোদ্ভূত এই প্রযুক্তিবিদের পুরো নাম সুন্দারাজন পিচাই। ১৯৭২ সালে চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন পিচাই। স্কুলের পড়া শেষ করে খড়্গপুর আইআইটি থেকে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি টেক করেন তিনি। উচ্চশিক্ষার জন্য এর পর মার্কিন মুলুকে পাড়ি দেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এম এস করে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ডিগ্রিও হাসিল করেন পিচাই। সেখানে তিনি সিবেল স্কলার–সহ পামার স্কলারও হন। থেকে। প্রায় ১৫ বছর চাকরি করছেন গুগলে। ২০১৫ সালে হয়েছিলেন গুগলের সিইও।