
শেষ আপডেট: 31 May 2023 13:13
দ্য ওয়াল ব্যুরো: গরমের ছুটি আরও বাড়ল। মঙ্গলবারই শিক্ষা দফতর জানিয়েছিল, ৫ জুন থেকে খুলবে রাজ্যের সব মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুল। তবে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, স্কুল এখনই খোলা হচ্ছে না। আরও ১০ দিন ছুটি বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৫ জুন স্কুল খুলবে। ঠিক ছিল, ৫ জুন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল খোলা হবে। আর ৭ জুন থেকে প্রাথমিক স্কুল খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছিল শিক্ষা দফতর।
এপ্রিলের শেষ থেকেই রাজ্যজুড়ে শুরু হয় প্রবল দাবদাহ। গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়েছিল রাজ্যবাসীর। সেই কারণেই পড়ুয়াদের কথা চিন্তা করে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।
স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ২ মে থেকে ছুটি দেওয়া হবে স্কুলে। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে স্কুল খোলার ব্যাপারে কোনও নির্দিষ্ট উল্লেখ ছিল না। স্কুল কবে খোলা হবে, সেই নিয়ে সব মহলেই উদ্বেগের সৃষ্টি হয়।
মঙ্গলবারই স্কুল খোলার ব্যাপারে জানতে চেয়ে শিক্ষা দফতরের কমিশনকে চিঠি দেয় মধ্যশিক্ষা পর্ষদ। তার কয়েক ঘণ্টার মধ্যেই স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল শিক্ষা দফতর। বলা হয়েছিল, ৫ তারিখ মাধ্যমিক-উচ্চমাধ্যমিক এবং ৭ তারিখ প্রাথমিক স্কুল খোলা হবে।
তবে তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই সিদ্ধান্ত বদল করে রাজ্য সরকার। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেন, 'যেহেতু এখনও তাপপ্রবাহ চলছে, আমরা আবহাওয়া দফতর থেকে আমরা তথ্য পেয়েছি যে এখন গরম আরও কিছুদিন থাকবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ৫ ও ৭ জুনের পরিবর্তে স্কুল খুলবে ১৫ জুন।'
বাইরন ছোট্ট ঘটনা, কংগ্রেসের সঙ্গে বৃহত্তর বিরোধী ঐক্যে প্রভাব ফেলবে না, বললেন মমতা