দ্য ওয়াল ব্যুরো: পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতি এবং অস্বচ্ছতার অভিযোগ তুলে রাজ্যপালকে চিঠি লিখলেন বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।
সোমবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে লেখা চিঠিতে সুজন অভিযোগ করেন, সাংবিধানিক সংস্থা হয়েও পাবলিক সার্ভিস কমিশন ন্যুনতম নিয়ম-নীতির তোয়াক্কা করছে না। সেই সঙ্গে যাদবপুরের সিপিএম বিধায়ক লেখেন, গত সাত বছর ধরেই এই কমিশন নিয়োগ সংক্রান্ত ব্যাপারে অস্বচ্ছ। গোটা প্রক্রিয়া ঝুলে থাকায় রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীরা অথৈ জলে বলেও দাবি করেন তিনি।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে নানান দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেন সুজন। সে বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন তিনি। প্রসঙ্গত ২০১৭ সালের জানুয়ারি মাসেও রাজ্যপালকে চিঠি লিখেছিলেন সুজন। মঙ্গলবারের চিঠিতে সেই চিঠিরও উল্লেখ করেন তিনি।