
জলপাইগুড়ি আদালতের সামনে বিক্ষোভকারীরা
শেষ আপডেট: 16 August 2024 12:43
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: আরজিকর কাণ্ডের প্রতিবাদে এসইউসিআইয়ের ডাকা বনধকে ঘিরে ধুন্ধুমার বাঁধল জলপাইগুড়িতে। এদিন সকাল থেকে বনধের সমর্থনে শহরে মিছিল করছিলেন এসইউসিআই কর্মীরা। বেলা ১০ টা নাগাদ ওই মিছিল জেলা আদালতে পৌঁছে যায়। আদালতের গেট বন্ধ করতে গেলে আটকে দেয় পুলিশ। ঘটনাস্থলে ছিলেন কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ অন্য পুলিশ কর্মীরা।
এরপরই গেট আটকে বিক্ষোভ শুরু করেন এসইউসিআই কর্মীরা। কাজের সময় গেট দিয়ে আদালতের কর্মচারীরা ঢুকতে চাইলে তাদের আটকে দেন বিক্ষোভকারীরা। পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে বচসা বেঁধে যায়। অভিযোগ, এই সময় আদালতের এক কর্মীর সাইকেলের চাকার হাওয়া খুলে দিতে যায় তারা। ওই কর্মীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায়।
এর কিছুক্ষণ পরেই জেলা জজের গাড়ি গেটের সামনে আসলে গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন করেন এসইউসিআই কর্মীরা। অভিযোগ, কয়েকজন বিক্ষোভকারী জেলা জজের গাড়ির বনেটের উপর উঠে পড়ে ভাঙচুরের চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর গেটের সামনে শুয়ে পড়েন বিক্ষোভকারীরা। সঙ্গে সঙ্গে পুলিশ ২০ জন এসইউসিআই কর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে গেটের সামনে অবরোধ মুক্ত করেন। এরপরেই বিচারকের গাড়ি আদালতে প্রবেশ করে।
এসইউসিআইয়ের ডাকা বনধের আংশিক প্রভাব পড়েছে জলপাইগুড়ি শহরে। এদিন বাজারের বেশিরভাগ দোকান বন্ধ ছিল। কিন্তু অফিস আদালত খোলাই রয়েছে। যান চলাচলও স্বাভাবিক রয়েছে।