
শেষ আপডেট: 29 October 2022 10:18
দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: দরিদ্র পরিবারে ভালো করে খাওয়া জোটে না। সেখানে দৃষ্টিহীন (blind) ছেলেকে পড়াশোনা করানোটাই বিরাট ব্যাপার। ভাঙাচোরা একচালা বাড়ি। কিন্তু হাল ছাড়েননি ঝাড়গ্রামের (Jhargram) শুভেন্দু মাহাত (Subhendu Mahato)। পড়াশোনার পাশাপাশি তিনি ক্রিকেট খেলতেও ভালোবাসেন। তারই দাম পেতে চলেছেন এই দৃষ্টিশক্তিহীন যুবক। আগামী ৬ ডিসেম্বর থেকে দিল্লিতে বসতে চলেছে দৃষ্টিহীনদের টি-২০ ওয়ার্ল্ড কাপ (T20 World Cup) ক্রিকেটের আসর। সেখানে ভারতীয় টিমে সুযোগ পেয়েছেন শুভেন্দু।
ঝাড়গ্রামের গড় শালবনির কৈমা গ্রামে বাড়ি শুভেন্দু মাহাতর। তিনি বর্তমানে শান্তিপুর বিএড কলেজে পড়েন। সেইসঙ্গে জোরকদমে চালিয়ে যাচ্ছেন ক্রিকেট। ব্যাটিং অলরাউন্ডার শুভেন্দু টিম ইন্ডিয়ার বড় ভরসা। তিনি প্রথম একাদশে সুযোগ পাবেন বলেই সকলের আশা।
জন্ম থেকেই চোখে কম দেখতেন শুভেন্দু। দু'বছর বয়সে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি প্রায় পুরোটাই নষ্ট হয়ে যায়। ২০১৪ সালে প্রথম বাংলা টিমে সুযোগ পান। ওই বছরই জাতীয় দল থেকে ডাক আসে। এবার বিশ্বকাপ টিমে তিনিই একমাত্র বাঙালি ক্রিকেটার। এই কৃতিত্বের জন্য শুক্রবার শুভেন্দু মাহাতকে সংবর্ধনা দেওয়া হয় ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে। হাতে ক্রিকেট কিট তুলে দিয়ে তাঁকে সংবর্ধনা জানান জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা।
প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে নামার আগে চিন্তায় রোহিতরা, রবিবারের ম্যাচও কি ধুয়ে দেবে বৃষ্টি