
শেষ আপডেট: 9 February 2023 14:21
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: রাজ্যের বহু স্কুলেই যখন শুধু ডাল দিয়ে ভাত মেখে খেতে বাধ্য হচ্ছে পড়ুয়ারা তখন অন্য ছবি মালদহের বার্লো গার্লস প্রাথমিক স্কুলে (Barlow Girls Primary School)। বুধবার মিডডে মিলে (midday meal) ভাত আর মাংস (meat and rice) খাওয়াল স্কুল। সঙ্গে দেওয়া হল ফল।
মিডডে মিলে উন্নত মানের পুষ্টিকর খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সরকারি নির্দেশিকা মেনেই এই স্কুলে শুরু হল স্বাস্থ্যকর মিডডে মিল দেওয়ার ব্যবস্থা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে সপ্তাহে এক থেকে দুই দিন করে ডিম ও পুষ্টিকর সবজি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নেওয়া হয়েছে মিডডে মিলে মাংস দেওয়ার পরিকল্পনাও।

মালদা শহরের বহু প্রাচীন এবং নামজাদা স্কুলগুলির মধ্যে অন্যতম বার্লো গার্লস প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে ৬০০ জন পড়ুয়া রয়েছে এই স্কুলে। স্কুলের পরিচ্ছন্নতা বজায় রেখে এবং রান্নাঘর পরিষ্কার করেই শুরু হয়েছে স্বাস্থ্যকর মিডডে মিল দেওয়ার কাজ। স্কুলের এক শিক্ষক উজ্জ্বল দত্ত জানিয়েছেন, সমস্ত কিছু নির্দেশিকা মেনেই স্কুলের বাচ্চাদের মিডডে মিল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সাপ্তাহিক মেনুতে যেমন রাখা হয়েছে মাংস, ডিম তেমনই পুষ্টিকর শাক-সবজি ও ফলও দেওয়া হচ্ছে পড়ুয়াদের। স্কুলের টিফিনে মাংস ভাত খেয়ে বুধবার খুশি উপচে পড়ল খুদে পড়ুয়াদের।
প্রাচীন সৌধের অদূরে নির্মাণ, বিষ্ণুপুরে বেআইনি লজ ভাঙার নোটিস দিল পুরসভা