দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: উদ্ধার হল দামোদরের জলে তলিয়ে যাওয়া ছাত্রের দেহ।
সোমবার স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে ছিল পাঁচ বন্ধু। কিন্তু স্কুলে না গিয়ে স্কুলের পোশাক পড়ে মেমারি থানার পাল্লার সাড়ে পাঁচ নম্বর ঘাটে দামোদর নদীর জলে স্নান করতে নামে। পাঁচ জনের কেউই ভাল করে সাঁতার জানত না।
দামোদরের গর্ভে কোথাও হাঁটু জল। আবার কোথাও ২৫- ৩০ ফুট গভীর জল। গভীর জলে নামতেই ডুবতে তাকে চারজন। পাড়ে দাঁড়িয়ে থাকা এক বন্ধু নৌকার দড়ি ছুড়ে দিলে তাতে ৩ জন কোনও মতে পাড়ে উঠতে সক্ষম হয়। কিন্তু সুদীপ্ত রায় (১৭) তলিয়ে যায়। তার বাড়ি মেমারি থানার করন্দা গ্রামে। অন্যদের বাড়ি পালসিট গ্রামে। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই মেমারি থানার পুলিশ ও মেমারি ১ নম্বর ব্লকের বিপর্যয় মোকাবিলা দফতরের টিম ডুবুরি নিয়ে তল্লাশি শুরু করে। রাতভর আলো জ্বালিয়ে তল্লাশি চালানোর পর মঙ্গলবার ভোরে দামোদর থেকে দেহ উদ্ধার হয়।