
শেষ আপডেট: 5 August 2023 16:36
দ্য ওয়াল ব্যুরো: বেহালার ঘা এখনও দগদগে। ছোট্ট সৌরনীলের মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না শহরবাসী। এর মধ্যেই আবার হৃদয় বিদারক ঘটনা ঘটল। বেহালার দুর্ঘটনার একদিনের মধ্যেই নদিয়ায় (Nadia Accident) চতুর্থ শ্রেণির ছাত্রকে পিষে দিল গাড়ি। শনিবার নদিয়ার পলাশিপাড়ার কুলগাছিতে এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, মৃত ছাত্রের নাম রবিউল শেখ। বাড়ি কাছেই সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল ১২ বছরের ওই কিশোর। সেই সময় একটি পিক-আপ ভ্যান তাকে ধাক্কা মেরে পিষে দিয়ে (Nadia Accident) যায়। রক্তাক্ত রবিউলকে উদ্ধার করে পলাশিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ছাত্র মৃত্যুর খবর পেয়েই এলাকায় ক্ষোভের আগুন জ্বলে ওঠে। এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গেলে, পুলিশকে ঘিরেও বিক্ষোভ শুরু হয়।
আরও পড়ুন: 'বাংলা মিডিয়াম স্কুল বলেই কি নিরাপত্তায় এত অবহেলা?' বেহালার দুর্ঘটনায় উঠছে প্রশ্ন
শুক্রবার বেহালায় বরিশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারকে পিষে দিয়ে যায় পুরসভার মাটিবোঝাই লরি। ঘটনার পরেই রাস্তা আটকে তুমুল বিক্ষোভ শুরু হয়। গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ শুরু হয়। ঘাতক লরিটিকে পরে কোণা এক্সপ্রেসওয়ে থেকে আটক করে পুলিশ। ঘটনায় প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন স্কুলের সামনের রাস্তায় পুলিশি নজরদারি দেখা গেছে শনিবার।